২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কার্যালয়ে বসে ‘ঘুষ’ নেওয়ার সময় ওয়াসা কর্মকর্তা গ্রেপ্তার

নিজ কার্যালয়ে বসে 'ঘুষ' নেওয়ার সময় ঢাকা ওয়াসার এক কর্মকর্তাকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2018, 07:15 PM

Updated : 19 Aug 2022, 02:13 PM

Image
গ্রেপ্তার মো. জাহিদুর রহমান

গ্রেপ্তার মো. জাহিদুর রহমান

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরায় থেকে ঢাকা ওয়াসা পিপিআই রাজস্ব জোন-৯ এর ফিল্ড অফিসার মো. জাহিদুর রহমানকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি জানান, গোল্ডকোস্ট ইন্টারন্যশনাল লিমিটেডের কারখানায় ২০১৫ সালে স্থাপিত গভীর নলকূপের বিল নিয়মিতকরণের জন্য প্রতিষ্ঠানের ম্যানেজারের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেছিলেন জাহিদুর রহমান।

"ঘুষ না দিলে ওই ফ্যাক্টরির ওয়াসার সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখান তিনি। পরে আলাপ-আলোচনার পর জাহিদুর রহমান ঘুষের পরিমাণ দুই লাখ টাকা নির্ধারণ করেন।"

বিষয়টি গোল্ডকোস্ট ইন্টারন্যাশনালের ম্যানেজার আশেক সাদেক চৌধুরী দুদকে জানালে ঘুষ গ্রহণের সময় কমিশনের একটি দল ফাঁদ পেতে জাহিদুর রহমানকে তার দপ্তর থেকে গ্রেপ্তার করে বলে জানান প্রণব।

এ ঘটনায় দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম উত্তরা পূর্ব থানায় একটি মামলা করেছেন।