মাদক ‘মোটামুটি’ নিয়ন্ত্রণ করেই ছাড়ব: স্বরাষ্ট্রমন্ত্রী
অভিযান শুরুর পর মাদকের কারবারে জড়িতদের অনেকে গা ঢাকা দিলেও মাদক ‘মোটামুটি নিয়ন্ত্রণ’ করে ছাড়বেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল।
মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ পর্যন্ত অভিযানে ‘কতজন নিহত হয়েছে’ সে প্রশ্নে তিনি বলেন, “যেখানে অবৈধ ব্যবসা, সেখানে অবৈধ টাকা, সেখানেই অবৈধ অস্ত্র। তাই জীবন রক্ষায় হয়ত ফায়ার ওপেন করে থাকে।”
‘কাউকে হত্যা করা আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য নয় মন্তব্য কেরে কামাল বলেন, “যাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হচ্ছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মোবাইল কোর্ট ও আদালতের মাধ্যমে এ পর্যন্ত ২২ হাজার জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি দাবি করেন “তালিকায় নাম থাকতেই পারে; শতভাগ নিশ্চিত না হয়ে আমরা কারো বিরুদ্ধে অভিযোগ আনছি না।
“যার বিরুদ্ধে প্রমাণ পাচ্ছি তার বিরুদ্ধে অভিযান করছি। সে এমপি হোক, নির্বাচিত প্রতিনিধি কিংবা সামাজিক নেতা হোক। মূল লক্ষ্য হল সে মাদক ব্যবসায় জড়িত কি না।”
মাদক কারবারে জড়িতদের তালিকায় কোনো এমপির নাম রয়েছে কি না – সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের কাছে তালিকা দেওয়া হয়েছে। তারা কাজ করছে।”
টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হক ‘হত্যা’ তদন্তের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “আমরা শিগগিরই আপনাদের এ বিষয়ে জানাব।”
১৯৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতিবছরের ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়।
এ বছর এ দিবসের প্রতিপাদ্য ছিল ‘আগে শুনুন: শিশু ও যুবাদের প্রতি মনোযোগ দেয়াই তাদের নিরাপদ বেড়ে ওঠার প্রথম পদক্ষেপ’।
