জাতীয় ক্রীড়া পরিষদ বিল সংসদে
জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো আইন বাতিল করে নতুন করে করতে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার সোমবার ‘জাতীয় ক্রীড়া পরিষদ বিল-২০১৮’ সংসদে উত্থাপন করেন।
পরে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
বিলে বলা হয়েছে, সরকার গেজেট করে যে কোনো খেলাকে ক্রীড়া হিসেবে ঘোষণা করতে পারবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ক্রীড়া পরিষদের চেয়ারম্যান হবে। প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রস্তাবিত আইনে বলা হয়েছে, অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যাই থাকুক না কেন, জাতীয় ক্রীড়া সংস্থা বা অন্য ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটি যদি যথাযথভাবে দায়িত্ব পালন না করে তবে পরিষদ ওই কমিটি ভেঙে এডহক কমিটি দিতে পারবে।
