২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রা শুরু, আর পেছনে ফেরা নয়: নারী ক্রিকেটারদের নিয়ে হাসিনা

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টির চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2018, 11:44 PM

Updated : 11 Oct 2022, 12:25 PM

পুরনো খবর:

সমালোচনার মুখে এবার মাইক্রোবাস পেলেন নারী ক্রিকেটাররা

গণভবনে বুধবার সন্ধ্যায় মহিলা জাতীয় ক্রিকেট দলকে এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে মহিলা ত্রিকেট দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই যে যাত্রা শুরু হল; আর পেছন ফিরে তাকাব না।

“আন্তরিক অভিনন্দন জানাচ্ছি অন্তর থেকে। দারুণ গৌরব বয়ে নিয়ে এসেছে।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষিত দুই কোটি টাকা পুরস্কারের অর্থ এ সময় মহিলা ক্রিকেট দলের সদস্য, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের হাতে তুলে দেন শেখ হাসিনা।

গত ১০ জুন মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে নারীদের এশিয়া কাপ টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের শিরোপা অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল।

আগের সব আসরের চ্যাম্পিয়ন, প্রবল পরাক্রমশালী ভারতকে ফাইনালে ৩ উইকেটে হারানো এই মেয়েদের হাত ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে মর্যাদার শিরোপা দেশে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, “ভারতকে হারানো বিরাট কাজ। বাংলাদেশের মেয়েরা প্রমাণ করেছে যে, তারা পারে।”

এই ক্রিকেট দলের সদস্যদের উৎসাহ দিয়ে শেখ হাসিনা বলেন, “কখনো হেরেছ, কখনও জিতেছ। হারলে মনোবল হারালে চলবে না। ভেতরে জিদটা থাকতে হবে।

“আমি চাই, আমার সোনার মেয়েরা যে সম্মানটা দশের জন্য বয়ে নিয়ে এসেছে, তা যেন বজায় থাকুক।”

বিভিন্ন প্রতিকূলতার পর মেয়েদের এই অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, “এই যাত্রাটা তো শুরু হল, এটাই বড় কথা। আগে সমাজ ছিল রক্ষণশীল। মেয়েদের কোথাও যেতে দিত না।

“বাংলাদশের মানুষ যে পারে সেটাই আমরা প্রমাণ করতে চাই।”

অনুষ্ঠানে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মহিলা জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “প্রধানমন্ত্রী আমাদের সাথে থাকলে আমরা দেশকে আরও বেশি দিতে পারব।”

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন অনুষ্ঠানে বলেন, “বাংলাদেশের ছেলেরা এখনও কোনো ট্রফি জিততে পারেনি। মেয়েরা ট্রফি জিতেছে।”

পরে প্রধানমন্ত্রী মহিলা জাতীয় ক্রিকেট দলের সদস্যদের সঙ্গে ছবি তোলেন।