মেহেদীর রঙে রঙিন হচ্ছে হাত
ঈদে কিশোরী-তরুণীদের সবার হাতে হাতে চাই মেহেদীর সাজ। আর এই মেহেদীর রঙে নিজেদের রাঙাতে চাঁদ রাতেই বাসাবাড়ি আর পার্লারগুলোতে চলছে মেহেদী উৎসব।
কোন বাসায় মেহেদী নিয়ে বসেছেন বোনেরা, কোথাও তাদের সঙ্গে আছেন পাড়াপ্রতিবেশী ও আত্মীয়া- ঈদের চাঁদ দেখা যাওয়ার পরপরই এভাবে মেহেদী উৎসবে মেতেছেন তারা।
মিরপুর ১২ নম্বরের বাসিন্দা সামিয়া রহমান নিজের বাসায় তার বোন আর বান্ধবীদের লাগিয়ে দিচ্ছেন মেহেদী।
সামিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেহেদী ছাড়া তো ঈদই হয় না। ছোটবেলা থেকেই প্রতি বছর চাঁদরাতে বোন-বান্ধবী সবাই মিলে মেহেদী লাগাই। এটা অন্যরকম ভালো লাগা।”
সামিয়ার বোন পাঁচ বছরের আরশিয়া আয়াতও লাগাচ্ছে মেহেদী।
শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মুনতাহা মেহেদী লাগিয়েছেন তার খালার কাছে। খালা, খালাতো বোন আর পাশের বাড়ির মেয়েদের সাথে মেহেদী উৎসব করছেন তারা।
মেহেদী ছাড়া ঈদের আমেজ আসে না বলে মনে করেন মুনতাহা।
ঈদে মেহেদী লাগানোকে ফ্যাশনের অংশ মনে করেন এলিফ্যান্ট রোডের বাসিন্দা ইকরাজ জাহান অর্ণি।
প্রতিবেশীরা ঢাকার বাইরে গিয়ে ঈদ করায় দুই বোন মিলেই মেহেদী লাগাচ্ছেন তারা।
“মেয়েদের কাছে আসলে ঈদ মানেই মেহেদী। আর মেহেদীর রঙটা পাকা না হলে মন খারাপ হয়ে যায়। এতো সুন্দর করে ডিজাইন করে রঙ না হলে তো বৃথা।”
“রাত ১১-১২টা পর্যন্ত সবাইকে মেহেদী লাগিয়ে দেই। মেহেদী লাগানোর পর সবার আনন্দ দেখলেই ভালো লাগে। ঈদটা পরিপূর্ণ হয়।”
এদিকে বিউটি পার্লারগুলোতেও অনেকে যাচ্ছেন মেহেদী লাগাতে। চাঁদ রাতে বাড়তি ভিড় থাকায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের।
