ঢাকার বাড্ডায় আওয়ামী লীগ নেতা খুন
ঢাকার বাড্ডায় গুলি চালিয়ে হত্যা করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় এক নেতাকে।
ঈদের আগের দিন শুক্রবার দুপুরে জুমার নামাজের পরপরই এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফরহাদ আলী বাড্ডা ইউনিয়ন (এখন সিটি করপোরেশনের অধীন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ডিএনসিসির নবগঠিত ওয়ার্ডে কাউন্সিলর হতে ভোটে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
কারা তাকে গুলি করেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি। দুর্বৃত্তরা মোটর সাইকেলে এসেছিলেন বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।
বাড্ডা এলাকায় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে দুই পক্ষের সংঘর্ষে গত এপ্রিল মাসে নিহত হয়েছিলেন একজন। তার আড়াই মাসের মধ্যে ফরহাদ হত্যাকাণ্ড ঘটল।
বাড্ডা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন্স) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককে জানান, উত্তর বাড্ডার আলীর মোড়ের কাছে বায়তুস সালাম জামে মসজিদের সামনে ফরহাদকে গুলি করা হয়।
“জুমার নামাজ পরে ফরহাদ হোসেন বেরিয়ে আসার সময় তাকে গুলি করা হয়। তার মাথা ও বুকে গুলি লাগে।”
এই আলীর মোড় থেকে বাম দিকে (ছবিতে) যে গলিটি গেছে, সেখানে বায়তুস সালাম জামে মসজিদের সামনে এই হত্যাকাণ্ড ঘটে
গুলিবিদ্ধ ফরহাদ ঘটনাস্থলেই মারা যান বলে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুজন দুর্বৃত্ত এসেছিল, এটা কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেছেন। তবে তারা মোটর সাইকেল ব্যবহার করেছিল কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
“আশেপাশে দুটি সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে। আরও সংগ্রহের চেষ্টা চলছে। আশা করা যাচ্ছে, এখান থেকে একটা ভালো ফলাফল আসবে।”
