লঞ্চের জন্য রাতভর অপেক্ষা
ঈদের আগের দিন শুক্রবার সকালে ঢাকার সদরঘাটে ছিল হাজারো মানুষের ভিড়; যাদের অনেকে বাড়িতে যেতে লঞ্চ ধরার আশায় ঘাটেই রাত কাটিয়েছেন।
এবার ঈদের দুদিন আগেও ঢাকার সদরঘাটে ভিড় আগের মতো দেখা যায়নি। লঞ্চকর্মীরা বলছিলেন, বৃহস্পতিবার অফিস ছুটির পর ভিড় বাড়বে।
তাই ঘটেছে, বৃহস্পতিবার বিকাল থেকে হাজার হাজার যাত্রী ভিড় জমায় সদরঘাটে। ভিড়ের চাপে উঠতে না পেরে অনেকে ভোরের লঞ্চের আশায় রাতে সদরঘাটেই কাটান।
শুক্রবার সকালে পন্টুনে পটুয়াখালী, বরগুনার আমতলী, নোয়াখালীর হাতিয়া ও ভোলার বিভিন্ন রুটের যাত্রীদের অপেক্ষা করতে দেখা যায়।
রাত ১২টা থেকে স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে সদরঘাটে রয়েছেন বলে জানান ভোলার আনিসুর রহমান।
ভোলার দুটি লঞ্চ ছাড়লেও ভিড়ের মধ্যে শিশুদের নিয়ে উঠতে পারেননি আনিস।
আনিসের মতো হাজার হাজার যাত্রীকে পন্টুনে দেখা যায়।
বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা বলেন, প্রায় ৩০ হাজার যাত্রী পন্টুনে রাতভর অপেক্ষা করেছিল।
এমভি অভিযান লঞ্চের মালিক মো. জালাল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদরঘাটে দুই শতাধিক লঞ্চ রয়েছে। এসব লঞ্চে দুই লাখের মতো যাত্রী পরিবহন সম্ভব।
“কিন্তু কাল (বৃহস্পতিবার) বিকাল থেকে সকাল পর্যন্ত চার লাখের উপরে যাত্রী আসেন সদরঘাটে।”
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মওদুদ হাওলাদার বলেন, “রাতে আসা যাত্রীরা টার্মিনালে অপেক্ষা করেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”
পথে থাকা লঞ্চগুলো সদরঘাটে ফিরলে সকাল ১০টা-১১টার মধ্যে যাত্রীর চাপ কমে যাবে বলে মনে করছেন জালাল শেখ।
তিনি জানান, শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে সুন্দরবন-৯ পটুয়াখালী এবং এমভি ইয়াদ আমতলীর উদ্দেশে এবং ভোর ৪টায় এমভি ফারহান-৪ হাতিয়ার পথে ছেড়ে যায়। ৬টা ৪২ মিনিটে ভোলার উদ্দেশে ছেড়ে যায় কর্ণফুলী-১১ ও ক্রিস্টাল ক্রুজ।
“এসব রুটের বাকি লঞ্চগুলো সদরঘাটের কাছাকাছি আসছে। ওইসব লঞ্চ এলে যাত্রীর চাপ কমে যাবে।”
বিআইডব্লিউটিএ’র পরিবহন পরিদর্শক (টিআই) এ বি এস মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ৩১টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়। বৃহস্পতিবার সারাদিনে ছেড়ে গিয়েছিল ১৭৬টি লঞ্চ, বুধবার ছেড়েছিল ১২২টি লঞ্চ।
