২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ যথেষ্ট নয়: সেভ দ্য চিলড্রেন

প্রস্তাবিত বাজেটে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচিতে শিশুদের জন্য বরাদ্দ বাড়ানোর প্রশংসা করে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেছে সেভ দ্য চিলড্রেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 08:56 PM

Updated : 19 Aug 2022, 02:10 PM

ঢাকার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০১৮-১৯ অর্থবছরের শিশু বাজেটের পর্যবেক্ষণ তুলে ধরেন যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটির চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের উপ-পরিচালক আশিক ইকবাল।

তিনি বলেন, “বাজেটের যে প্রবৃদ্ধি সেখানে শিক্ষাখাতে বাজেট বেড়েছে মাত্র ৫ দশমিক ২ শতাংশ এবং স্বাস্থ্যখাতে ১৩ দশমিক ২ শতাংশ। আবার সমগ্র বাজেটের অংশ হিসেবে এই দুটি গুরুত্বপূর্ণ খাতেই বরাদ্দ কমেছে।

“আমাদের সবচেয়ে বড় উদ্বেগ শিক্ষাখাতে বরাদ্দ নিয়ে। শিক্ষায় গতবারের ১২ দশমিক ৬ শতাংশ থেকে এবার ১১ দশমিক ৪ শতাংশ হয়েছে। মোট বাজেটের ২০ শতাংশ বাজেট বরাদ্দ দিতে জাতিসংঘের নির্দেশনা নিয়ে অনেক দেশ এগোলেও আমাদের দেশে কমছে, যা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবেনা।”

একই সঙ্গে স্বাস্থ্যখাতের বরাদ্দ গতবারের তুলনায় দশমিক এক শতাংশ কমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমাদের সক্ষমতার তুলনায় স্বাস্থ্যখাতের এই বরাদ্দ যথেষ্ট নয়।”

শিক্ষা-স্বাস্থ্যের বরাদ্দ সামগ্রিকভাবে শিশুদের ‍ওপর বড় রকমের প্রভাব ফেলে মন্তব্য করেন আশিক।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের জন্য আরো চিকিৎসক নিয়োগে সরকারের যে প্রতিশ্রুতি সেখানে শিশু বিশেষজ্ঞদেরও যেন স্থান দেওয়া হয়।

“প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা দিতে অপারগ হাসপাতালের ওপর ৫ শতাংশ অতিরিক্ত করারোপ করা হয়েছে। এটাকে একটি ইতিবাচক শুরু হিসেবে আমরা বিবেচনা করছি।”

শিশু বাজেটের প্রশংসায় আশিক ইকবাল বলেন, শিশু বাজেটের অন্তর্ভুক্ত ১৫টি মন্ত্রণালয়ে এবার শিশুদের জন্য ৬৫ হাজার ৬৫০ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে, যা জাতীয় বাজেটের ১৪ দশমিক ১ শতাংশ। গত বছরের তুলনায় সরকারের সামাজিক সুরক্ষা বলয় কার্যক্রমে বরাদ্দ সমগ্র বাজেটের অংশ কমলেও শিশু সংশ্লিষ্ট সামাজিক সুরক্ষা বলয়ে বরাদ্দ বেড়েছে ২০ দশমিক ২ শতাংশ।

“বিশেষ করে এ খাতে প্রতিবন্ধী শিশুদের জন্য ২৩০ শতাংশ অর্থ বরাদ্দ বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। শিশু সংশ্লিষ্ট বাজেটের এই ধারাকে আমরা ইতিবাচকভাবে দেখছি।”

স্কুল ফিডিং কার্যক্রম বাড়ানোর ফলে শিশুদের ঝরে পড়ার হার কমবে এবং তাদের পুষ্টির চাহিদা নিশ্চিত করায় ‘অগ্রগতি হবে’ বলে মত দেন আশিক ইকবাল।

তিনি বলেন, “বাজেটে এমন প্রশংসনীয় উদ্যোগের মধ্যেও শিশু সহিংসতা বন্ধে শিশু সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার তেমন কোনো উদ্যোগও নজরে পড়েনি।”

বিশ্বব্যাপী এক গবেষণায় শিশু নির্যাতনের কারণে মোট সাত ট্রিলিয়ন ডলার ক্ষতি হওয়ার প্রসঙ্গ টেনে এক প্রশ্নের উত্তরে আশিক ইকবাল বলেন, “আমাদের এখানে সুস্পষ্ট হিসাব বের করা উচিত এবং শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিয়ে বন্ধে আরো কার্যকর উদ্যোগ নেওয়া দরকার।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সেভ দ্য চিলড্রেনের চাইল্ড রাইটস গভর্ন্যান্স অ্যান্ড চাইল্ড প্রোটেকশন সেক্টরের পরিচালক লায়লা খন্দকার ও প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি বিভাগের পরিচালক রিফাত বিন সাত্তার উপস্থিত ছিলেন।