২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে ধর্ষণ: ৩ দিনের রিমান্ডে রনি

রাজধানীতে প্রাইভেট কারে তুলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হক ওরফে রনিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 07:34 PM

Updated : 08 Apr 2022, 06:31 PM

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরে বাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন আসামি রনিকে আদালতে হাজির করে সাত দিনের হেফাজতের আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম আহসান হাবীব শুনানি নিয়ে তিন দিন হেফাজত মঞ্জুর করেন।

আসামি রনির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংশ্লিষ্ট  আদালত পুলিশের কর্মকর্তা এসআই দীপু।   

রোববার মধ্যরাতে দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হক রনির গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। ওই সময় গাড়ি চালাচ্ছিলেন রনির ব্যক্তিগত গাড়িচালক। কিছুদূর যাওয়ার পর এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়া হয়। গাড়িতে থাকা অপর তরুণীকে ধর্ষণ করেন রনি। ঘটনা টের পেয়ে রাস্তায় থাকা লোকজন গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে বেধড়ক মারধর করে।

পিটুনির ভিডিও ফেইসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, রাস্তার লোকজন রনির গাড়ি আটক করে। চালক ও রনিকে পিটুনি দিতেও দেখা যায় ভিডিওতে।

গাড়িচালক ফারুক পালিয়ে গেলেও গণপিটুনির শিকার মাহমুদুল হক রনিকে মদ্যপ অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পরে দুই তরুণীর একজন শেরেবাংলা নগর থানায় রনির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের এবং তার গাড়িচালক ফারুকের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগে মামলা করেন।

পুরনো খবর:

গাড়িতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির ভিডিও ফেইসবুকে ভাইরাল