২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়িতে ধর্ষণের অভিযোগে গণপিটুনির ভিডিও ফেইসবুকে ভাইরাল

ঢাকায় গাড়ির মধ্যে ধর্ষণ করার অভিযোগ এনে গভীর রাতে দুই ব্যক্তিকে গণপিটুনি দেওয়ার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2018, 04:13 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

রোববার মধ্যরাতের এই ঘটনার পর গণপিটুনির শিকার মাহমুদুল হক রনি (৩৫) নামের এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করা হয়। তার গাড়িচালক ফারুক পালিয়ে গেছেন।

তবে যে নারীর অভিযোগে কলেজগেইট এলাকায় দুজনকে মারধর করা হয়েছিল, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে শেরেবাংলা নগর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাস সকালে জানিয়েছিলেন।

পরে শেরেবাংলা নগর থানার এসআই আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মেয়েটিকে পাওয়া গেছে। তিনি একটি মামলা দায়ের করেছেন। মামলায় রনির বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে এবং তার গাড়িচালক ফারুকের বিরুদ্ধে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন।

ধানমণ্ডির ঝিগাতলার বাসিন্দা মাহমুদুল হক রনি পেশায় ব্যবসায়ী। তিনি বিবাহিত, দুই ছেলে-মেয়ে রয়েছে তাদের।

থানায় রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের কাপাসিয়ায় তাদের আরেকটি বাড়ি রয়েছে। সেখানে যাওয়ার জন্য ধানমণ্ডির ঝিগাতলার বাসা থেকে গভীর রাতে নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলেন তিনি। গাড়ির মধ্যে তিনি মাত্রাতিরিক্ত অ্যালকোহল পান করায় একটু বেসামাল ছিলেন।

তার দাবি, এই বেসামাল অবস্থার সুযোগ নিয়ে তার গাড়িচালক সংসদ ভবনসংলগ্ন খেজুর বাগান এলাকা থেকে ‘দুই যৌনকর্মীকে’ গাড়িতে তোলেন।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ওসি গনেশ বলেন, রাত আড়াইটার দিকে ওই দুই মেয়ের মধ্যে একজনকে কলেজগেইট এলাকায় নামিয়ে দিলে ওই মেয়ে চিৎকার শুরু করে। তার চিৎকারে পথচারীসহ সবাই এগিয়ে এসে গাড়িটি আটকায় এবং চালক ও রনিকে বেধড়ক মারধর করে।

পুরো ঘটনাটি এক পথচারী ভিডিও করে তার ফেইসবুকে দিলে তা ভাইরাল হয়। তাতে মারধরের চোটে কাপড় ছিঁড়ে গেলে চালককে নগ্ন অবস্থায় দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

মারধরের পরে রনি ও তার গাড়িটিকে পথচারীরা পুলিশের কাছে হস্তান্তর করে বলে ওসি গনেশ জানান।

রনিকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “তার মদ পানের নমুনা পাওয়া গেছে। রনির গাড়িচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে।”