২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার মামলায় খালেদার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ হাই কোর্টের

কুমিল্লায় নাশকতার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন সংক্রান্ত আপিল নিষ্পত্তি করে দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 04:41 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

একই সঙ্গে কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারককে খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

উভয় পক্ষের শুনানি নিয়ে বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন এএম মাহবুব উদ্দিন খোকন, কায়সার কামাল, এ কে এম এহসানুর রহমান।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী এহসানুর রহমান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় বিএনপি চেয়ারপারসনের পক্ষে জামিন আবেদনসহ আপিল দায়ের করা হয়েছিল।

“কিন্তু সম্প্রতি হাই কোর্টের অন্য একটি বেঞ্চ থেকে এ সংক্রান্ত হওয়া আদেশ অনুযায়ী আমরা নির্দেশনা চেয়েছিলাম। সে অনুযায়ী আদালত কুমিল্লার বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারককে জামিন নিষ্পত্তির নির্দেশ দিয়ে আপিলটি নিষ্পত্তি করে দিয়েছে।”

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন মানিক বলেন, “খালেদা জিয়ার জামিনসহ আপিলটি নিষ্পত্তি করে দিয়ে বিচারিক আদালতকে নির্দেশ দিয়েছে খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ম অনুযায়ী নিষ্পত্তি করতে।”

বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় গত ৫ জুন জামিনসহ আপিল করেন খালেদা জিয়া।

২০ দলীয় জোটের অবরোধ চলাকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে বাসে দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা ছোড়ার ঘটনায় ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি পুলিশ এ মামলা করে। প্রথমে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হলেও পরে বিশেষ ক্ষমতা আইনে মামলাটি রূপান্তর করা হয়। 

গত ২৮ মে কুমিল্লার সংশ্লিষ্ট আদালতে গ্রেপ্তার দেখানোর আবেদনের সঙ্গে জামিন আবেদন করেন খালেদা জিয়া। সে আবেদন নামঞ্জুর করে ৮ অগাস্ট পরবর্তী শুনানির জন্য রাখে আদালত। ওই আদেশের বিরুদ্ধে হাই কোর্টে জামিনসহ আপিল আবেদন করেছিলেন খালেদা জিয়া, সেটিই আজ নিষ্পত্তি করে দিয়েছে হাই কোর্ট।

এই মামলাটিই বাতিল চেয়ে হাই কোর্টে করা খালেদা জিয়ার আরও একটি আবেদন বিচারাধীন রয়েছে।

এদিকে মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালন ও জাতীর মানহানির অভিযোগে ঢাকায় করা দুই মামলায় খালেদা জিয়ার হাজিরা পরোয়ানাসহ জামিন আবেদন দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগের চেম্বার আদালত।

হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা দুটি আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সোমবার আবেদন দুটি ২৫ জুন আপিল বিভাগে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশীর উল্লাহ।

খালেদার জিয়ার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী, মাহবুব উদ্দিন খোকন।

Image
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ছবি)

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম পরে সাংবাদিকদের বলেন, “বেগম জিয়ার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে দুটি কমপ্লেইন কেস দায়ের করা হয়েছিল। ওই দুটি কেসে ওনাকে বার বার হাজির হওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে। কিন্তু তিনি হাজির হননি। ফলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

“ওই গ্রেপ্তারি পরোয়ানা জারি যখন অপেক্ষমান তখনই তিনি অন্য একটি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে জেলে যান। জেলে থাকা অবস্থায় তিনি কমপ্লেইন মামলায় গ্রেপ্তার দেখানো এবং জামিনের দরখাস্ত করেন। হাই কোর্ট সেই আদেশটাকে বাতিল করে দিয়ে ম্যাজিস্ট্রেট আদালতকে তার জামিনের দরখাস্ত বিবেচনা করতে নির্দেশ দিয়েছেন। হাই কোর্টের এ নির্দেশের বিরুদ্ধে আমরা আজ আপিলে গিয়েছিলাম। আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থগিত করেননি, বরং আপিল বিভাগও বলে দিয়েছেন তার জামিনের আবেদন বিবেচনা করার জন্য।”

মাহবুবে আলম বলেন, “এর ফলে আইনগত বিষয় এখন এমন দাঁড়াল যে, একজন আসামি যদি একটি মামলায় জেলে থাকেন অন্যান্য মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট না করা সত্ত্বেও তিনি জামিনের দরখাস্ত করতে পারবেন। তবে আমরা যে আপিল দায়ের করেছি তার চূড়ান্ত শুনানি হওয়ার পরই বিষয়টির ফয়সালা হবে।”

গত ৩১ মে এ দুই মামলায় খালেদা জিয়াকে জামিন না দিয়ে আবেদন নিষ্পত্তি করে আদেশ দেয় বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাই কোর্ট বেঞ্চ।

গ্রেপ্তার দেখাতে খালেদা জিয়ার পক্ষে যে আবেদন করা হয়েছিল সংশ্লিষ্ট আদালতে, তা গ্রহণ করে নিষ্পত্তি করতে বলা হয় আদেশে। পরে সেই আদেশটিই বিচারপতিদের স্বাক্ষরের পর গত ৬ জুন সুপ্রিম কোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে।

লিখিত আদেশে বিএনপি চেয়ারপারসনের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরসহ জামিন আবেদন নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট ভুল পথে অগ্রসর হয়েছেন বলে পর্যবেক্ষণে আসে।