২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিড় বাড়ছে কমলাপুরে

বাড়িতে ঈদ করতে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। ঈদযাত্রার প্রথম দিন কমলাপুর রেলওয়ে স্টেশনে তেমন ভিড় না থাকলেও দ্বিতীয় দিন ভিড় কিছুটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2018, 01:12 PM

Updated : 11 Oct 2022, 12:24 PM

২ জুন যেসব যাত্রী ট্রেনের আগাম টিকেট কিনেছিলেন, তারা সোমবার ট্রেন ধরছেন।

একতা এক্সপ্রেস ট্রেনে দিনাজপুর যাচ্ছেন পুলিশ সদস্য মোতাহার হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঈদের আগে বাড়তি ভিড় থেকে বাঁচতে আগেই চলে যাচ্ছেন তিনি।

“ঈদে বাড়ি যাওয়ার জন্য ছুটি নিয়েছি। কিন্তু তিন-চার দিন আগে থেকে আমাদের ওই লাইনে যে ভিড় শুরু হয়, তাতে ট্রেনে ওঠাই কঠিন। এজন্য আজ চলে যাচ্ছি।”

একতা এক্সপ্রেস ট্রেনের আরেক যাত্রী বিউটি খাতুন সন্তানদের নিয়ে যাচ্ছেন শ্বশুরবাড়িতে ঈদ করতে। তিনি বলেন, প্রতিটা ঈদের সময়ই ট্রেনযাত্রাটা আনন্দযাত্রা মনে হয়।

“ঢাকায় থাকতে থাকতে হাঁসফাঁস লাগে। বাড়িতে গেলে মনটাই ভালো হয়ে যায়। ট্রেনে ওঠার পরই মনে হয় দিনাজপুরে চলে আসছি!”

কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের যাত্রী আওলাদ হোসেন কাজ করেন বাংলামোটরের একটি প্রতিষ্ঠানে। জানালেন ঝামেলা এড়াতে আগেই ছুটি নিয়েছেন।

“ঈদের কাছাকাছি সময়ে তো ভিড় বেশি হয়। টিকেট পাওয়া কঠিন, যাওয়াও কঠিন। এজন্য আগেই ছুটি নিয়া নিছি। আবার ঈদের পরে তাড়াতাড়ি চইলা আমু।”

নিজের স্ত্রী-সন্তান এবং ভাইদের নিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেসে যাচ্ছেন মো. ফিরোজ মিয়া। তিনি বলেন, ঈদ একটা পারিবারিক পুনর্মিলনিতে পরিণত হয়।

“আমরা তিন ভাই শিক্ষক। সবাই ঢাকায় থাকি। ঈদের সময় সবাই একসঙ্গে বাড়ি যাওয়ার সুযোগ হয়। আসিও একসঙ্গে। বাসে যেতে অনেক সময় লাগে। রাস্তার অবস্থাও ভালো না। আমার স্ত্রী-ভাবিরাও বাসে চড়তে পারে না। এজন্য ট্রেনেই যাই।”

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. জুবায়ের আল মাহমুদের ঈদের ছুটি হয়েছে ৮ জুন। এজন্য ধীরে-সুস্থে বাড়ি যাচ্ছেন তিনি।

“আমি অনলাইনে টিকেট কেটেছি, কোনো ঝামেলা হয়নি। বাসে যাওয়া যায়, কিন্তু সেটাতে সময় অনেক বেশি লাগে। এজন্য ট্রেনেই চলে যাই। আগে আগে চলে যাচ্ছি, কারণ বাড়িতে একটু বেশি সময় কাটানো যাবে।”

সোমবার কমলাপুর স্টেশন থেকে ৩১টি আন্তঃনগর ট্রেনসহ ৬৬টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত কমলাপুর থেকে ২৩টি ট্রেন ছেড়ে যায়।

এরমধ্যে কয়েকটি ট্রেন নির্ধারিত সময়ে পরে স্টেশন ছেড়ে গেছে। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি ৬টা ৫০ মিনিটে ছাড়ে। চিলাহাটি যাওয়ার নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টার পরিবর্তে সকাল ৮টা ৪০ মিনিটে ছেড়েছে।

ইঞ্জিনে ত্রুটির কারণে কিশোরগঞ্জের এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন সকাল সোয়া ৭টার পরিবর্তে ৭টা ৫০ মিনিটে স্টেশন ছেড়ে গেছে। তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস বেলা ৯টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ২৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া দিনাজপুরের একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টার পরিবর্তে ১০টা ১২ মিনিটে স্টেশন ছেড়ে যায়।

গতকালের ভিড় একটু বেড়েছে বলে জানান কমলাপুরের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্ত্তী। ট্রেনের ইঞ্জিনে ত্রুটি এবং ইঞ্জিন দেরি করে আসায় কয়েকটি ট্রেন দেরি করেছে বলে জানান তিনি।

“এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে ত্রুটি থাকায় সেটি দেরি হয়েছে। এছাড়া নীলসাগর ট্রেনটি এসেছে দেরি করে। এছাড়া বাকি ট্রেনগুলো ঠিক সময়েই ছেড়েছে।”