বাজেট নিয়ে তামাকবিরোধী সংগঠনের অসন্তোষ
নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে বেশি দামের সিগারেটের ওপর শুল্ক না বাড়ানোয় অসন্তোষ জানিয়েছে তামাকবিরোধী সংগঠন ঢাকা আহছানিয়া মিশন।
তারা বলছে, প্রস্তাবিত বাজেটে তামাক নিয়ন্ত্রণের লক্ষ্যে যে সব রাজস্ব প্রস্তাবনা করা হয়েছে সেগুলোর কার্যকারিতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে।
“এই বাজেট বিদেশি তামাক কোম্পানিগুলোকে ব্যবসা প্রসারে সুবিধা করে দেবে। কারণ উচ্চস্তরের সিগারেটের দাম অপরিবর্তিত রাখার পাশপাশি সম্পূরক শুল্ক শতকরা ৬৫ ভাগ অপরিবর্তিত রাখা হয়েছে।”
তামাক কর নির্ধারণে মাথাপিছু আয় বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হয়নি বলে অভিযোগ করেছে সংগঠনটি।
শুক্রবার রাজধানীর শ্যামলীস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে বাজেট পরবর্তী এই প্রতিক্রিয়া জানানো হয়।
সেখানে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের প্রধান ইকবাল মাসুদ। উপস্থিত ছিলেন তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের সমন্বয়কারী মোখলেছুর রহমান, প্রথমিক স্বাস্থ্য সেবা কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক মাহফিদা দিনা রুবাইয়া, মানসিক স্বাস্থ্য কার্যক্রমের সমন্বয়কারী আমির হোসেন ও নারী মাদকাসক্তি কার্যক্রমের প্রোগ্রাম অফিসার উম্মে জান্নাত প্রমুখ।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “অর্থমন্ত্রী জনস্বার্থের কথা বিবেচনা করে বিড়ি
কোম্পানি বন্ধের কথা বলেছিলেন। মন্ত্রীর এই বক্তব্য প্রস্তাবিত বাজেটে কোনো প্রতিফলন ঘটেনি, যা হতাশাজনক। তাছাড়া প্রস্তাবিত বাজেটে তামাকপণ্য রপ্তানি উৎসাহিত করার জন্য শতকরা ২৫ ভাগ রপ্তানি শুল্ক প্রত্যাহারের যে ঘোষণা দেওয়া হয়েছে তা জনস্বাস্থ্যবিরোধী পদক্ষেপ।”
২০১৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত জরিপ অনুযায়ী বিশ্বে সবচেয়ে কম দামে সিগারেট পাওয়া যায় এমন তিনটি দেশের মধ্যে বাংলাদেশ একটি বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
“এবার বাজেটে তামাক কোম্পানির স্বার্থরক্ষায় যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রীর ঘোষিত ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া বাধাগ্রস্ত হবে।”
