২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযান চলবে: প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধের নামে ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ ঘটছে অভিযোগ করে তা বন্ধের দাবি উঠলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2018, 09:25 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

পুরনো খবর:

‘এমন মৃত্যু কখনোই গ্রহণযোগ্য নয়’

বৃহস্পতিবার গণভবনে আইনজীবীদের সম্মানে ইফতার মাহফিলে এই ঘোষণা দিয়েছেন তিনি।

মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর নির্দেশে গত মাসের মাঝামাঝি দেশব্যাপী অভিযান শুরুর পর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছে। প্রতিপক্ষ রাজনৈতিক শিবির ও মানবাধিকারকর্মীরা শুরু থেকেই এভাবে প্রাণহানির প্রতিবাদ জানান।

এরমধ্যে কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহতের আগ মুহূর্তে কাউন্সিলর একরামুল হকের স্ত্রী-মেয়ের সঙ্গে ‘মোবাইল কথোপকথনের’ অডিও প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছেন অনেকে।

অধ্যাপক আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, নির্মলেন্দু গুণসহ দেশের শীর্ষস্থানীয় লেখক-অধ্যাপক, কবি ও সংস্কৃতিকর্মীরা গত শনিবার এক যৌথ বিবৃতিতে বলেছেন, “আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, প্রতিদিন অসংখ্য মানুষ বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছেন, যা অভিহিত করা হচ্ছে বন্দুকযুদ্ধে নিহত বলে।

“গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় এমন মৃত্যু কখনোই গ্রহণযোগ্য নয়। সংবিধানে প্রদত্ত জীবনের অধিকার এভাবে কেড়ে নেওয়া যায় না।”

তবে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডা যাত্রা করার আগের দিন ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, “জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ আমরা গড়তে চাই। বাংলাদেশের মানুষের জীবনের শান্তি-নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই।”

কানাডায় ওই সম্মেলনে রোহিঙ্গা সংকট এবং বাংলাদেশের উন্নয়ন চিত্র তুলে ধরা হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আইনজীবীরা গণভবনের এই ইফতারে অংশ নেন। 

সবাইকে গণভবনে স্বাগত জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি বিশ্বাস করি, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে যে কোনো অবস্থা মোকাবিলা করা, আর যে কোনো নির্বাচনে বিজয়ী হওয়া খুব কঠিন কাজ না।”

তিনি বলেন, “যখনই আওয়ামী লীগ সরকার গঠন করেছে তখনই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হতে শুরু করেছে। আমাদের সরকারের নীতি আদর্শই হচ্ছে জনগণের সেবা করা।”

২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে তাকে গ্রেপ্তার করার পর আইনজীবীসহ যারা প্রতিবাদ জানিয়েছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, “সেই সময় আপনাদের যে সমর্থন পেয়েছি সেটাই ছিল আমার শক্তি। আমি এদেশে আসার পর থেকে মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করেছি।

“আল্লাহর রহমতে আমি এটুকু বলতে পারি, সকল বাধা অতিক্রম করে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে আমরা যে নির্বাচন জয়ী হয়েছিলাম এর ফলে দেশের উন্নতি হয়েছে।”

বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি, শিক্ষা ও মানবসম্পদের উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা উল্লেখ করে তিনি বলেন, “সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত আমাদের অবস্থান সুদৃঢ় করতে সক্ষম হয়েছি।”

শেখ হাসিনা বলেন, “১৯৭৫ এর পর থেকে ১৯৯৬ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা কিন্তু কোনো সমস্যার সমাধান করেনি। নিজেদের ভাগ্য গড়েছে। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারাও কাজ করেনি। আরও পিছিয়ে দিয়েছে।”

২০১৪ সালের নির্বাচনের আগে এবং পরের বছরের প্রথম তিন মাস বিএনপির আন্দোলনে নাশকতামূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি।

২০০৯ সাল থেকে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “এই দশ বছরে বাংলাদেশ সারা বিশ্বে একটি উন্নয়নশীল দেশ হিসেবে আত্মমর্যাদা ফিরে পেয়েছে। বাংলাদেশ আজকে সব দিক থেকে বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।”

যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের বিচার করার কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে কোনও অন্যায় অবিচারের স্থান হবে না।”

আগামীতে আইনজীবীদের সমিতিগুলোতে আওয়ামী লীগ সমর্থকরা যেন পূর্ণ প্যানেলে জয়লাভ করে সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা।

ইফতারের আগে প্রধানমন্ত্রী আগত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক বিচারপতি মেজবাউদ্দীন, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মজুমদার, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, ব্যারিস্টার ফজলে নূর তাপস, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম মঞ্চে বসে ইফতার করেন।