নিরাপদ ঈদযাত্রায় ফিটনেসহীন যান বন্ধের দাবি
ঈদযাত্রা নিরাপদ করতে ফিটসেনবিহীন যান চলাচল বন্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
ঈদুল ফিতরের আগে বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানায় যাত্রীদের সংগঠনটি।
প্রতি বছর ঈদে ঘরমুখী মানুষের যাত্রাকালে বাস-ট্রেন-লঞ্চ দুর্ঘটনায় নিয়ম করে প্রাণহানি ঘটে চলেছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, “প্রতিবছর ঈদে ফিটনেসবিহীন, লক্কড়-ঝক্কড় বাস, ট্রাক, লেগুনা, টেম্পু, মাইক্রোবাস, কার, নছিমন-করিমন এবং সিটিং সার্ভিসের বাস-মিনিবাস দূরপাল্লার বহরে যাত্রী পরিবহণে নেমে পড়ে।
“এসব যানবাহন রাস্তায় নষ্ট হয়ে যানজট ও ভোগান্তি সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা ঘটানোয় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে।”
গত ঈদুল ফিতরে ২০৫টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত ও ৮৪৮ জন আহত হয়েছিল জানিয়ে এবারের ঈদে দুর্ঘটনা প্রতিরোধে ব্যাপক কার্যক্রম নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সারাদেশে তিন লক্ষাধিক যানবাহন ফিটনেস সনদ ছাড়াই চলাচল করছে বলে যাত্রী কল্যাণ সমিতির দাবি।
তারা বলছে, এছাড়া পাঁচ লাখ ইজিবাইক, ৬০ হাজার অটোরিকশা, সাত লাখ ব্যাটারিচালিত রিকশা, দুই লাখ নছিমন-করিমন এবং পাঁচ লাখের বেশি মোটর সাইকেল প্রতিদিন জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে।
সড়ক-মহাসড়কের প্রতি ইঞ্চি দখলমুক্ত করার আহ্বান জানিয়ে মোজাম্মেল বলেন, “এসব অযোগ্য যানবাহন এখনই বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
রাজধানীর কেরাণীগঞ্জের একটি ডকইয়ার্ডে লঞ্চ মেরামতে ব্যস্ত শ্রমিকরা। ছবি: আব্দুল্লাহ আল মমীন
বক্তারা বলেন, ইতোমধ্যে নৌ-পরিবহন মন্ত্রণালয় লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই নিষিদ্ধ ঘোষণা করেছে; এই ঘোষণা বাস্তবায়ন করতে হবে।
নৌপথে অতিরিক্ত পানির কারণে পথনির্দেশক বয়া ও সিগন্যাল বাতি মুছে যাওয়ায় অনেক নৌপথ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে উদ্বেগও প্রকাশ করেছে যাত্রী কল্যাণ সমিতি।
মানববন্ধনে সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সাবেক সংসদ সদস্য হুমায়ন কবির হিরু, পাথওয়ের নির্বাহী পরিচালক মো. শাহিন, মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন আহম্মেদ, অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সভাপতি কবির চৌধুরী তন্ময় বক্তব্য রাখেন।
