২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিআরটিএ কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে, প্রশ্ন মন্ত্রীর

রাজধানীতে অবাধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় ক্ষোভ প্রকাশ করে এজন্য বিআরটিএ ও পুলিশের গাফিলতিকে দায়ী করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2018, 04:04 PM

Updated : 11 Oct 2022, 12:23 PM

তিনি বলেছেন, ঈদযাত্রার পথে যদি দেশের কোথাও যানজট হয়, তা সড়কের পরিস্থিতির কারণে হবে না, হবে এসব ফিটনেসবিহীন গাড়ির কারণে।  

শুক্রবার সকালে যাত্রাবাড়ীর মাতুয়াইলে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএ-এর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম দেখতে গিয়ে এ কথা বলেন মন্ত্রী। 

এই অভিযানে ওই এলাকার চারটি গ্যারেজে ১৪টি গাড়ির কাগজপত্র পরীক্ষা করে ফিটনেস না থাকায় দুটি গাড়ি ডাম্পিংয়ে পাঠানো হয়। গ্যারেজের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্যারেজ মালিকদের ৮০ হাজার টাকা এবং একটি গাড়ির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

পরে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন “আমি আপনাদেরকে বলেছি, রাস্তার জন্য এবার (ঈদে) যানজট হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশের কোথাও রাস্তার জন্য যানজট হবে না, কিন্তু এই ফিটনেসবিহীন গাড়িগুলো জানজটের সৃষ্টি করতে পারে- সেটাই হলো কারণ।”

মন্ত্রী বলেন, এসব গাড়ি রাস্তায় বিকল হয়ে গেলে রেকার এনে সরাতে দীর্ঘ সময় লাগে। ততক্ষণে দীর্ঘ যানজট তৈরি হয়ে যায়।

যেসব গ্যারেজে ফিটনেসবিহীন গাড়িতে রঙ করে আবার রাস্তায় নামানো হচ্ছে, সেসব গ্যারেজে এই অভিযান চলবে বলে জানান মন্ত্রী।

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “এগুলোর দায়িত্ব ছিল বিআরটিএ-এর, তারা এ ব্যাপারে কেন নাকে তেল দিয়ে ঘুমিয়েছে… এটা তো একটা বিপদজনক বিষয়। বিপদজনক একটা প্রবনতা… যেটা রাস্তায় গাড়ি আটকিয়ে রাখে, রাস্তায় দুর্ঘটনা সৃষ্টি করে। ঈদের সময় কোটি মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে চলে যাবে, এসময় ফিটনেসবিহীন গাড়িগুলো রংচং করিয়ে লক্কর-ঝক্কর গাড়িগুলো রাস্তায় নামানো হয়।”

বিআরটিএ-এর পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কাদের বলেন, “এ ধরনের অবৈধ কাজ কারবার আজকে পুলিশের নাকের ডগায় হচ্ছে। পুলিশের যারা এখানে আছেন, তারাও এগুলো নিয়ে ইনফর্ম করেননি। বিআরটিএ, পুলিশ উভয়ের এ নিয়ে দায় দায়িত্ব আছে।”

ওইসব গ্যারেজ সিলগালা করার নির্দেশ দিয়ে কাদের বলেন, “আমি বিআরটিএকে বলব এখন তাদের প্রধান কাজ হল ফিটনেসবিহীন গাড়িগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে। এখানে অপরাধ অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিতে হবে। ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না আসে সেজন্য উৎস মুখ বন্ধ করতে হবে।”

তিনি বলেন, লক্কর ঝক্কর গাড়িতে রঙ চড়ানো হচ্ছে এসব গ্যারেজে। এসব গাড়ি দেখতে বাইরে ফিটফাট হলেও ‘ভিতরে সদরঘাট’।

“আমি পুলিশ ও বিআরটিএকে বলব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। …এইসব অপকর্মের বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নিতে হবে। জরিমানা, শাস্তি, জেল জুলুম এমনকি সিলগালাও করতে হবে।”

ফিটনেসবিহীন গাড়ির পাশাপাশি উল্টোপথে গাড়ি চলাচল বন্ধের ওপরও জোর দেন ওবায়দুল কাদের। 

তিনি বলেন, “রংসাইডে সাধারণ-অসাধারণ ব্যক্তিদের কারণে যানজট। প্রভাবশালী অসাধারণ ব্যক্তিদের খুশি করার জন্য তাদের যেন রংসাইডে যেতে উৎসাহিত না করা হয়। দশজন ভিআইপিকে খুশি করতে গিয়ে লাখ লাখ লোককে কষ্ট দেওয়া চলবে না।”

ঈদের আগে রাজধানীতে সব ধরনের খোঁড়াখুড়ি বন্ধের আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, “হানিফ ফ্লাইওভারের পরবর্তী অংশটা (ডেমরা রোড) সিটি করপোরেশনের। আমি সিটি করপোরেশন, বিটিসিএলএর চেয়ারম্যনকে অনুরোধ করছি যে মানুষের ভোগান্তি হচ্ছে, এই রাস্তাটি অবিলম্বে মেরামত করা হোক, রিপেয়ার করা হোক।

“আর ওয়াসা-ডেসাসহ সংশ্লিষ্ট সকলকে আমি অনুরোধ করছি, কোনো খোঁড়াখুড়ি যেন ঈদের আগে এবং পরে কয়েকদিন না হয়। এই খোঁড়াখুড়ির কারণে মানুষ রাজধানীতে ভীষণ কষ্টে আছে। কাজেই জনজীবনকে আর দুর্বিসহ না করে আপাতত খোঁড়াখুড়ি… ডেসা হোক, ওয়াসা হোক, টেলিফোনের হোক… এটা বন্ধ করতে হবে।”