পুলিশও মানুষ: ডিএমপি কমিশনার
ঈদ সামনে রেখে দুঃস্থদের মাঝে নতুন কাপড় বিতরণে গিয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, পুলিশ শুধু আসামি ধরে না, যে কোনো উৎসবে ও দুর্যোগে সাধারণ মানুষের পাশে থাকে।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের (বিপিএসএ) পক্ষ থেকে মঙ্গলবার বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন স্টেডিয়ামে ১২০০ ঈদবস্ত্র (শাড়ি, লুঙ্গি, শিশুদের পোশাক) বিতরণ করা হয়। এই এসোসিয়েশনের সভাপতির দায়িত্বে আছেন আছাদুজ্জামান মিয়া।
অনুষ্ঠানে তিনি বলেন, “আপনারা মনে করেন, পুলিশ শুধু আসামি ধরে, এটা ঠিক না। আমরা আপনাদের মতো মানুষ। আপনাদের ঘরের সন্তান, আপনাদেরই স্বজন।
“আমরা রাতে পাহারা দেই বলে আপনারা নিশ্চিন্তে ঘুমান। আমরা ব্যবসায়ী, বিনিয়োগকারী, সাধারণ জনগণকে নিরাপত্তা দিয়ে যাচ্ছি।”
সামাজিক দায়বদ্ধতা থেকে এই ঈদবস্ত্র বিতরণ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, “মানুষ হিসেবে এটা আমাদের কর্তব্য। ঈদে নতুন কাপড় পড়বে সবাই- এই চিন্তা করেই আমরা প্রতিবছর ঈদে আপনাদের পাশে দাঁড়াই।”
মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দিতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মাদক সমাজে ভায়াবহ ক্যান্সারে রূপ নিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এই যুদ্ধে সফল হতে হলে অতীতের ন্যায় আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
“মাদক ব্যবসায়ীদের কোনো খবর জানা থাকলে পুলিশকে জানাবেন। মাদক ব্যবসায়ী সে যেই হোক তাকে ছাড় দেওয়া হবে না।”
ঢাকা মহানগরীতে মাদকের সব আখড়া ‘ভেঙে গুঁড়িয়ে’ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
