বনশ্রীতে ‘খানকা শরীফে’ র্যাবের অভিযান, গ্রেপ্তার ১২
রাজধানীর বনশ্রী এলাকায় একটি ‘খানকা শরীফে’ মাদকবিরোধী অভিযান চালিয়ে তরিকত ফেডারেশনের এক নেতাসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতের এই অভিযানে তাদের কাছে ‘স্বল্প সংখ্যক ফেনসিডিল, ইয়াবা ও গাঁজা পাওয়া গেছে’ বলে র্যাব-৩ এর মেজর আব্দুল্লাহ আল মারুফ জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বনশ্রী জি ব্লকে ৬ নম্বর মাঠের সরকারি এই জায়গা দখল করার জন্য তারা টিনের ঘর বানিয়ে তৈয়বিয়া মাইজভান্ডারি খানকা শরীফ, বাংলাদেশ মাইজ ভান্ডারি ফোরাম ব্যানার লাগিয়েছিল। এটা মাদক সেবন এবং কেনাবেচার একটা বড় আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছিল।”
গ্রেপ্তারদের মধ্যে ১১ জনকে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানিয়েছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রায় ১৪ কাঠার এই সরকারি জায়গা তারা ২০ বছর ধরে অবৈধভাবে দখল করেছিল। অভিযানের সময় তাদের কাছে জায়গার কাগজ দেখতে চাওয়া হলে তারা দেখাতে পারেনি।
“এজন্য তাদের উচ্ছেদ করে দেওয়া হয়েছে। এই জায়গায় মাদক ব্যবসাও নিয়ন্ত্রণ করা হত।”
