২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চা দোকানির

তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন ঢাকার বারিধারা এলাকার এক নারী চা দোকানি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 08:17 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

মাকসুদা বেগম (৪৭) নামে ওই দোকানি মঙ্গলবার মামলার আরজি নিয়ে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে যান।

হাকিম জাকির হোসেন টিপু এই অভিযোগ তদন্তের জন্য মহানগর গোয়েন্দা পুলিশেকে নির্দেশ দিয়েছেন।

ওই আদালতের পেশকার গৌতম চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচারক বাদিনীর জবানবন্দি নিয়ে অভিযোগটি মামলা হিসাবে সরাসরি আমলে না নিয়ে ঘটনাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশের উত্তর জোনের উপ-কমিশনারকে প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন।”

ওই চা দোকানি রাজধানীর ভাটারা থানার এসআই হাসান মাসুদ, কনস্টেবল জাকির (ড্রাইভার) এবং অজ্ঞাতনামা আরকেজন কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। সেই সঙ্গে এক আনসার সদস্যকেও আসামি করতে চাইছেন তিনি।

মাকসুদা বেগম বারিধারার জে-ব্লকে ২০ নম্বর সড়কে চা ও পান-সিগারেটের দোকান চালান।

Image
মুখ্য. মহানগর হাকিম আদালত

মুখ্য. মহানগর হাকিম আদালত

তার অভিযোগ, গত ৩০ মে ওই চার পুলিশ ও আনসার সদস্য তার দোকানে গিয়ে ১০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে দোকানে ভাংচুর চালান এবং সিগারেট নিয়ে চলে যান।

এতে ৬ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি করেছেন মাকসুদা।

আরজিতে তিনি বলেন, “মামলার সাক্ষী বাবুল ইসলাম রাজু ফটো সাংবাদিক পরিচয় দিয়ে দোকানের মালামাল নষ্ট করার কারণ জানতে চাইলে আসামিরা বলেন, যারা তার পক্ষ নেবেন সবাইকে ধরে নিয়ে মাদকের মামলায় ফাঁসিয়ে দিয়ে ক্রসফায়ার দেওয়া হবে।”

ভাটারা থানায় গিয়ে মামলা করতে গিয়ে বিফল হয়ে আরজি নিয়ে আদালতে এসেছেন বলে বিচারককে জানান মাকসুদা।