ঢাকেশ্বরীর সেবায়েত নিয়োগ প্রশ্নে রুল
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সেবায়েত নিয়োগ প্রশ্নে রুল জারি করেছে হাই কোর্ট।
ওই পদের আবেদনকারী পল্টন কুমার দাসকে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের নির্দেশ কেন দেওয়া হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে।
ওই প্রার্থীর এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি সহিদুল করিমের অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ সোমবার এই রুল জারি করে।
ধর্ম মন্ত্রণালয়ের সচিব, জেলা প্রশাসক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছর প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুর পর থেকে ঢাকেশ্বরী মন্দিরের ওই পদটি শূন্য রয়েছে।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
খুরশীদ আলম খান পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উচ্চ আদালতের নির্দেশে ১৯৯৯ সালে ঢাকেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত হিসেবে নিয়োগ পেয়েছিলেন প্রদীপ কুমার চক্রবর্তী। পরে সর্বোচ্চ আদালতের রায়েও সে নির্দেশনা বহাল থাকে।
“ভারতে সেবায়েত নিয়োগ সংক্রান্ত ১৯৬৭ সালের একটি মামলার রায়ের আলোকে আমাদের সর্বোচ্চ আদালত ১৯৯৯ সালের ৯ মে প্রদীপ কুমার চক্রবর্তীর পক্ষে ওই রায় দিয়েছিল।”
ওই রায়ে বলা হয়, মন্দিরে জামিদানকারী অথবা জমিদানকারীর বংশধরেরা সেবায়েত নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
খুরশীদ আলম খান বলেন, “রিটকারী পল্টন কুমার দাসের ঠাকুর দা সুধীর কুমার দাস ঢাকেশ্বরী মিন্দিরে জমি দান করেছিলেন। সিএস রেকর্ড অনুযায়ী মন্দিরের ৫ শতাংশ জমি সুধীর দাসের নামে। সে হিসেবে সেবায়েত হিসেবে রিটকারী পল্টন কুমার দাস অগ্রাধিকার পাওয়ার কথা।”
রিটকারী পল্টন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর মৃত্যুর পর ঢাকেশ্বরী মন্দির অনেকটা অভিভাবকশূন্য। তার দুই ছেলেই ভারতের নাগরিক। ফলে তাদের পক্ষে এ মন্দিরের সেবায়েতের দায়িত্ব নেওয়া সম্ভব না।
গত বছর প্রধান সেবায়েতের মৃত্যুর পর প্রধান সেবায়েতের স্ত্রীসহ নয় সদস্যের একটি কমিটি ঢাকার যুগ্ম জেলা জজ আদালত থেকে মন্দির রক্ষণাবেক্ষণ, ব্যবস্থাপনার অনুমতি নেয়। কিন্তু সংক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে গত বছর ৩০ জুলাই হাই কোর্ট সে কমিটির কার্যক্রম স্থগিত করে।
এর মধ্যে গত প্রায় দেড় বছরে ঢাকেশ্বরী মন্দিরে নানা অনিয়ম, অব্যবস্থাপনার খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে এসেছে। প্রকাশিত সেসব খবর যুক্ত করে গত মাসে সেবায়েত প্রার্থী হিসেবে হাই কোর্টে এই রিট আবেদন করেন পল্টন কুমার দাস।
তিনি বলেন, “আজ আদালত সে আবেদনে শুনানি নিয়ে রুল জারি করেছে। বৈধ ওয়ারিশদার হিসেবে আমি সেবায়েত হিসেবে নিয়োগ পাওয়ার দাবি রাখি।”
মন্দিরের পূজা-অর্চনার কার্যক্রম পরিচালনাসহ আইন অনুযায়ী মন্দিরের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা করা প্রধান সেবায়েতের দায়িত্ব।
