আড়ংয়ের ‘গ্রাসরুটকে’ চার লাখ টাকা জরিমানা
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির অপরাধে রাজধানীর মিরপুরে আড়ংয়ের ‘গ্রাসরুট’ ক্যাফেকে চার লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার অধিদপ্তরের বাজার তদারক অভিযানে ‘গ্রাসরুট’ ছাড়াও সারা দেশের আরও কয়েকটি প্রতিষ্ঠানকে মোট নয় লাখ টাকা জরিমানা করা হয়।
ডিএনসিআরপির সহকারী পরিচালক (কার্যক্রম) আফরোজা রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর চিড়িয়াখানা রোডে গ্রাসরুট ক্যাফেতে মেয়াদোত্তীর্ণ আইসক্রিম, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা ও বাসি খাবার পাওয়া গেছে। তারা কিছু বিদেশি পণ্য রেখেছিল যেগুলোর গায়ে এমআরপি লেখা ছিল না। ভোক্তা অধিকার আইনের কয়েকটি ধারায় এসব অপরাধে তাদেরকে চার লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আড়ংয়ের চিফ অপারেটিভ অফিসার মো. আশরাফুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভোক্তা অধিকারের অভিযানে আমাদের যে ছোট ছোট ভুলগুলো ধরা হয়েছে আমরা এর প্রতি সম্মান জানাই। এটা আমাদের জন্য একটা শিক্ষা। আমরা খুব দ্রুত এগুলোর সংশোধন করব।
“তবে এত ছোটখাটো ক্যাফেতে এত বড় অ্যামাউন্টের জরিমানায় আমরা খুব অবাক হয়েছি।”
এদিন ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার এবং ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডলের নেতৃত্বে ঢাকা মহানগরীর মিরপুর-১ ও শ্যামলী এলাকায় বাজার তদারক অভিযান পরিচালনা করা হয়।
আফরোজা জানান, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৫ ও ৪৩ ধারায় জিম্যাট সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে সুপ্রিম ডাইনার্স রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া ঢাকায় বাড়তি দামে টিকিট বিক্রির জন্য পরিবহন সংস্থা এম আর এন্টারপ্রাইজ, এসপি গোল্ডেন লাইন, সুন্দরবন এক্সপ্রেস ও রয়েল কোর্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এদিন ঢাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয় বলে ডিএনসিআরপির কেন্দ্রীয় দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা ছাড়াও দেশব্যাপী সাতটি জেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে এমআরপি লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রি বা সরবরাহ না করা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে প্রতারিত করা, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি, পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ২২টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
