২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাল উদ্ধারে গেলে সরকারও উল্টে যেতে পারে: বাদশা

ঢাকার খালগুলো প্রভাবশালীরা দখল করে রাখায় তা উদ্ধার করা সম্ভবপর হবে না বলে মনে করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2018, 07:23 PM

Updated : 19 Aug 2022, 02:08 PM

তিনি বলেছেন, “এমন এমন লোকের হাতে ঢাকার খালগুলো দখলে আছে, সরকার পরিবর্তন হয়ে যাবে কিন্তু খাল পাবেন না। ওই একটা খালের জন্য সরকার পরিবর্তনও হতে পারে।”

সরকারের অন্যতম অংশীদার ওয়ার্কার্স পার্টির নেতা বাদশা রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘জলাবদ্ধতা নিরসনে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে একথা বলেন।

ঢাকার জলাবদ্ধতার প্রধান কারণ হিসেবে পানি নিষ্কাশনের খালগুলো বেদখল হওয়াকে চিহ্নিত করা হয়। খালগুলো উদ্ধারের কথা বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায়ও এসেছে।

এর মধ্যেই সিপ ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় খাল উদ্ধারে নিজের সংশয়ের কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য বাদশা।

তার বক্তব্যের সময় দর্শকসারি থেকে একজন সাংবাদিক জানতে চান, “আপনি কি বলছেন, একটি খাল উদ্ধারে গেলেই সরকার পরিবর্তন হয়ে যাবে?”

Image
ফজলে হোসেন বাদশা

ফজলে হোসেন বাদশা

জবাবে বাদশা বলেন, “হ্যাঁ। আমি এমন সম্ভাবনার কথাই বলছি। আপনারাও জানেন, সরকারের পর সরকার পরিবর্তন হয়েছে, একটা বিল্ডিং ভাঙতে পারল না।”

তবে ঢাকার জলাবদ্ধতার সমস্যা দূর করতে খালগুলো দখলমুক্ত করার বিকল্প নেই বলে মনে করেন এই বাম নেতা।

আলোচনা অনুষ্ঠানে বক্তব্যে ঢাকার খাল উদ্ধারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্যানেল মেয়র জামাল মোস্তফা।

“৪৩ খাল যদি পুনঃখনন করি, ড্রেজিং করি, খালগুলো দখলমুক্ত করি- তবেই সমস্যার সমাধান। এসব খাল খননে একটি প্রজেক্ট করে তা সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে কাজ করাতে হবে। তা না হলে কোনদিন এই সমস্যার সমাধান সম্ভব না। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া এটা বাস্তবায়ন সম্ভব নয়।”

অনুষ্ঠানে ঢাকার জলাবদ্ধতার নানা কারণ তুলে ধরেন সাংবাদিক তৌফিক আলী। তিনি বলেন, বিভিন্ন সংস্থা আলাদাভাবে উদ্যোগ নিলেও সমন্বয়হীনতা এবং কিছু ক্ষেত্রে বাজেটের অভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে না।

Image
বৃষ্টিতে জলাবদ্ধ শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডের মতো অবস্থা ঢাকার অনেক সড়কের। ছবি: মাহমুদ জামান অভি

বৃষ্টিতে জলাবদ্ধ শাহজাহানপুরের আউটার সার্কুলার রোডের মতো অবস্থা ঢাকার অনেক সড়কের। ছবি: মাহমুদ জামান অভি

তিনি বলেন, ঢাকা ওয়াসা কাজ করে ৪০০ বর্গকিলোমিটার এলাকায়। ৩৭০ বর্গকিলোমিটারের কৃত্রিম ড্রেনেজ সিস্টেম আছে। এক-পঞ্চমাংশ স্ট্রম ড্রেইনেজের ব্যবস্থা আছে। তার সঙ্গে আছে ঢাকার পশ্চিমাংশের ২৬টি খাল। যেগুলো দখল হয়ে আছে।

তৌফিক আলী বলেন, গত বছর বৃষ্টিতে সচিবালয়ে হাঁটু পানি হওয়ার পর এই বছরের মধ্যে ঢাকার জলাবদ্ধতা দূর করার কথা বলেছিলেন স্থানীয় সরকার মন্ত্রী। মন্ত্রীর কথা বাস্তবায়নে ঢাকা ওয়াসা ৬০ কোটি টাকা বরাদ্দ চাইলেও সেটা এখন পর্যন্ত পায়নি।

আড়াই বছর আগে ওয়াসা ‘ড্রেনেজ মাস্টার প্ল্যান’ করলেও এখন পর্যন্ত সেটি বাস্তবায়নে সরকারের সায় না মেলার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বেলাল বলেন, “ডোবা, নালা, খাল, বিল দখল করা যাবে না, আইন আছে। সেটা কেন কার্যকর হচ্ছে না। কোনো না কোনোভাবে দখল হয়ে আছে।”

Image
মিরপুরের বাউনিয়া খালের ওপর গড়ে তোলা ভবনের ভিত্তি, পাশে রূপসী আবাসিক এলাকা থেকেও ভরাট হচ্ছে খাল

মিরপুরের বাউনিয়া খালের ওপর গড়ে তোলা ভবনের ভিত্তি, পাশে রূপসী আবাসিক এলাকা থেকেও ভরাট হচ্ছে খাল

তিনি বলেন, “সবাই সমস্যা হয়ে গেলে সেখানে যাই। আমরা তার আগে প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করি না। সেজন্য যতগুলো সংস্থা আছে সেগুলোকে ভাবতে হবে।”

মহানগরীতে কাজ করার সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের কথা তুলে ধরে ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, “ওয়াসার যে ব্যবস্থা আছে গ্রাভিটি ফ্লোতে সবগুলো দিয়ে পানি যায় না। ওয়াসা হয়ত পয়েন্টগুলো নির্মাণ করে। যখন স্থানীয় সরকার কিংবা সিটি করপোরেশন থেকে যখন কার্পেটিং করা হয়, তখন পয়েন্ট সংকুচিত হয়ে আসে।

“ডিজাইন এবং কাজের ক্ষেত্রে ঠিকঠাক রাখতে সবগুলো সংস্থা মিলে এক সঙ্গে কাজ করতে হবে।”

ঢাকা ওয়াসার পরিচালক প্রকৌশলী একেএম শহিদ উদ্দিন বলেন, “ড্রেনেজ ব্যবস্থা একটি সংস্থার মধ্যে থাকলে জলাবদ্ধতা কমবে। এখন পাঁচ হাতে আছে, এক হাতে আসতে হবে। পানি সরবরাহ ব্যবস্থায় আমরা বেশ উন্নতি করতে পেরেছি সেটার মাধ্যমে।”

ডিএনসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফ উদ্দিন বলেন, “খালের সীমানা প্রাচীর খুঁজে বের করে যদি আমরা একটি পরিকল্পনায় নামি তবে কিছুটা জলাবদ্ধতা নিরসন হবে। সব খালকে সমন্বিত করে একটি প্রকল্প তৈরি করে কোনো প্রতিষ্ঠানকে কাজ করার জন্য দিলে সমস্যার সমাধান সম্ভব।”

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ পাল। ফোরামের সাধারণ সম্পাদক মতিন আব্দুল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক আদিল মোহাম্মদ খান, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ওরলা মারফি, ডিএসসিসি সংরক্ষিত নারী কাউন্সিলর সুরাইয়া বেগম, মিরপুরের শহীদ মুক্তিযোদ্ধা গার্লস হাইস্কুলের শিক্ষিকা রাহেলা বেগম বক্তব্য দেন।

পুরনো খবর:

ঢাকায় জলাবদ্ধতার কারণ জানা, সমাধান হচ্ছে না