মনে হয় আমাদের মানসিক ভারসাম্য চলে যাচ্ছে: সুলতানা কামাল
পরিবহন খাতে সুশাসন ও জবাবদিহিতার অভাব সামাজিক অনাচার উসকে দিচ্ছে মন্তব্য করে মানবাধিকার কর্মী সুলতানা কামাল এর জন্য নীতিহীনতা ও দুর্নীতিকে দায়ী করেছেন।
শনিবার জাতীয় জাদুঘরের সামনে এক নাগরিক সমাবেশে তিনি বক্তব্য দিচ্ছিলেন।
সড়ক দুর্ঘটনায় পরিবেশকর্মী উত্তম দেবনাথের মৃত্যু, উত্তম হত্যার বিচার, সড়কপথে নৈরাজ্য ও মানুষ হত্যা বন্ধের দাবিতে ২৪টি সংগঠনের উদ্যোগে এই নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার সহসভাপতি সুলতানা কামাল বলেন, “দেখে শুনে মনে হয় আমাদের সবার মানসিক ভারসাম্য চলে যাচ্ছে, আমাদের সংবেদনশীলতা ভোঁতা হয়ে যাচ্ছে। এ অবস্থা আর চলতে পারে না, চলতে দেওয়া হবেনা।”
তিনি বলেন, “আমরা কোন দেশে বাস করি, যে দেশের সরকার সাধারণ জনগণের ভোটে ক্ষমতায় এসে সে জনগণের সুযোগ সুবিধার কথাই ভুলে গিয়ে স্বার্থান্বেষী মহল বাসমালিক ও শ্রমিকদের স্বার্থকে অগ্রাধিকার দিতে গিয়ে রাস্তায় মানুষ হত্যার পক্ষে কথা বলে।
“পরিবহন সেক্টরে আমাদের সুশাসন আর জবাবদিহিতার অভাব, সামাজিক অনাচারকে আরও উসকে দিচ্ছে। এসব কিছুরই পেছনে রয়েছে নীতিহীনতা ও দুর্নীতি।”
নিহত পরিবেশকর্মী উত্তমের স্ত্রী ও দুই সন্তানের সহায়তায় বাপার উদ্যোগে গঠিত তহবিলে অর্থ দিতে সবার প্রতি আহ্বান জানান সুলতানা কামাল।
সমাবেশে প্রধান নির্বাচন কমিশনার ও বাপার আজীবন সদস্য কে এম নুরুল হুদা বলেন, “সড়কে অবৈধ গাড়ী পার্কিং এবং ফুটপাতের ওপর দোকান বন্ধ করতে হবে, এজন্য সরকারসহ সকলে মিলে কাজ করতে হবে।”
পিএসসির সাবেক চেয়্যারম্যান ইকরাম আহমেদ বলেন, “আপনজন হারানোর ব্যথা অন্যকে বোঝানো যাবে না। আমার ছোট ছেলে ২০০৯ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। সুতরাং আমি বুঝি এ যন্ত্রণা।”
তিনি বলেন, “সরকারকে বর্তমান মটরযান আইন সংশোধন করে যুগোপযোগী আইন করতে হবে। অথচ কয়েক বছর ধরে তা মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। এই আইন পাস না হলে সড়ক ব্যবস্থাপনার সূত্রপাত হবেনা।”
বাপার যুগ্মসম্পাদক আলমগীর কবিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাপার সহসভাপতি রাশেদা কে চৌধুরী, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের সভাপতি এম আবু সাঈদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবা নাসরিন ও অধ্যাপক শহিদুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এটিএম নুরুল আমিন ও মাহবুব হোসেন; ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, ব্রতীর নির্বাহী পরিচালক শারমীন মুরশিদ, উবিনীগ-এর প্রধান নির্বাহী ফরিদা পারভীন, যাত্রী কল্যাণ সমিতির মোজাম্মেল হক প্রমুখ।
সমাবেশে লিখিত বক্তব্য পাঠ করেন বাপার সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন।
