পেট্রোবাংলা কর্মচারী ইউনিয়নের নতুন নেতৃত্বের শপথ
বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) কর্মচারী ইউনিয়নের নতুন কার্যকরী পরিষদের শপথ অনুষ্ঠিত হয়েছে।
নতুন সভাপতি শেখ মো. সাহেব আলী মিয়া এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।
পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মে কর্মচারী ইউনিয়নের নির্বাচনে ১৯৪ জন সদস্যের ভোটাভুটিতে নতুন এই কমিটি নির্বাচিত হয়। নয়টি পদের বিপরীতে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৮ জন।
রোববার কাওরান বাজারের পেট্রোসেন্টারে নয় সদস্যের নতুন কমিটি শপথ নেয়।
কমিটির অপর সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি শাহ হামিদুর রহমান, সহ-সভাপতি মেজবাহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. শহীদ্দুল্যাহ, সাংগঠনিক সম্পাদক খাবিরু আহমেদ, অর্থ সম্পাদক মো. ফিরোজ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আজাদ হোসেন এবং নির্বাহী সদস্য মো. মিলন খান।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়েজউল্লাহ।
এছাড়া পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) মো. মোস্তফা কামাল, পরিচালক (অর্থ) মো. তৌহিদ হাসানাত খান, পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
