২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীবাগ বিদ্যুৎ স্টেশনে অগ্নিকাণ্ড

রাজধানীর পরীবাগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সাব-স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:22 PM

বুধবার রাত সাড়ে ৮টার পর ওই স্টেশনের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়ে আগুন লাগে বলে শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান।

কিছুক্ষণের মধেই ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত পৌনে ১০টার দিকে নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটের পাশাপাশি পুলিশ-র‌্যাবও আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানান তিনি।

স্টেশনে আগুন লাগার পরপরই শাহবাগের আজিজ সুপার মার্কেটসহ আশপাশের এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

কাঁটাবন মোড় থেকে শাহবাগ ও হাতিরপুল বাজারমুখী সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

রাত ১১টার দিকে ডিপিডিসির নির্বাহী পরিচালক (অপারেশন) এটিএম হারুন উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রিডের একটি ট্রান্সফরমার বিস্ফোরণের কারণে আগুন ধরে গিয়েছিল। তবে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”

আরেকটা ট্রান্সফরমার এনে ইনস্টল করার কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “বিস্ফোরণের কারণে যেসব এলাকার বিদ্যুৎ গেছে রাতের মধ্যেই তা ফিরে আসবে।”

এই ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে হারুন উর রশীদ বলেন, বৃহস্পতিবারের মধ্যেই তারা রিপোর্ট দেবে।

“ঘটনা যেহেতু বড় তাই কালকে প্রয়োজন হলে আরেকটি অধিকতর তদন্ত কমিটি করা হবে।”