২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসিকের বাচ্চুকে দুদকে পঞ্চমবার জিজ্ঞাসাবাদ

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারির ঘটনায় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চুকে পঞ্চমবারের মতো জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 03:55 PM

Updated : 19 Aug 2022, 02:07 PM

বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তদন্ত কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন বলে কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদ শেষে এবার সাংবাদিকদের কাছে মুখ খোলেননি জাতীয় পার্টির সাবেক এমপি বাচ্চু।

এর আগে গত ১৫ ও ৭ মে দুই তারিখে দুদকের তলবে হাজির না হয়ে ‘অসুস্থতার’ কারণ দেখিয়ে সময় বাড়িয়ে বুধবারের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন তিনি।

সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারি নিয়ে অভিযোগের মুখে থাকা বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুকে এর আগে গত ৬ মার্চ জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া ৮ জানুয়ারি এবং গত বছরের ৪ ও ৬ ডিসেম্বর তাকে দুদকের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন।

২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর শাখা থেকে ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ তদন্ত করে ২০১৬ সালে রাজাধানীর তিন থানায় ১৫৬ জনকে আসামি করে ৫৬টি মামলা করে দুদক।

কিন্তু আসামিদের তালিকায় ব্যাংকের চেয়ারম্যান বাচ্চু বা তৎকালীন পরিচালনা পর্ষদের কারও নাম না আসায় ওই তদন্ত প্রশ্নবিদ্ধ হয়।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ নিয়ে উষ্মা প্রকাশ করলে দুদক আবার উদ্যোগী হয়। এরপরই জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বাচ্চুকে জিজ্ঞাসাবাদে ডাকা হয়।

এদিকে বাচ্চুর স্থাবর-অস্থাবর সম্পদ নিয়েও দুদকের অনুসন্ধান চলছে। এর অংশ হিসেবে তার ভাই শেখ শাহরিয়ার পান্নার মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তথ্য যাচাই করে দেখতে চেয়েছে দুদক।

গত বছর বাচ্চু ও তার পরিবারের সদস্যদের ব্যাংক লেনেদেনের সব নথিপত্র চেয়ে দুদক চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ ব্যাংকে।