২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসক রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্ষণ মামলায় অভিযোগপত্র

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মো. রিয়াদ সিদ্দিকী প্রানের বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালতে অভিযোগপত্র জমার পর সেটি গ্রহণের জন্য আগামী ১৩ জুন দিন রাখা হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 03:10 AM

Updated : 08 Apr 2022, 06:27 PM

ঢাকার সংশ্লিষ্ট  নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক সামছুন্নাহার মঙ্গলবার বিকালে এ  দিন রাখেন।

গত ২৩ মে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে  এ অভিযোগপত্র জমা দেন মামলা তদন্তকারী র্কমর্কতা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক রোজিনা বেগম।

ধর্ষণের অভিযোগকারী ১৭ বছর বয়সের ওই তরুণী ঘটনার সময় ভোলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

অভিযোগপত্রের বরাত দিয়ে এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের কৌশুলি আলী আসগর স্বপন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় চিকিৎসকের বিরুদ্ধে ওই রোগী ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণের বর্ণনা দেন।  ওই ডাক্তার প্রতি শুক্রবার বিএসএমএমইউ (পিজি) থেকে ভোলা সদর রোডের যমুনা মেডিকেলে রোগী দেখেন। ১৭ বছর বয়সী মেয়ে চর্ম রোগে আক্রান্ত বলে তার বাবা চিকিৎসককে জানান।

ওই চিকিৎসক পলাতক রয়েছেন বলে তাকে গ্রেপ্তারে পরোয়না জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।

মামলায় বলা হয়, ২০১৭ সালের ৬ অক্টোবর ভোলার সদর রোডের যমুনা মেডিকেলে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ মো. রিয়াদ সিদ্দিকীকে দেখান ওই তরুণী। প্রথম সাক্ষাতে রিয়াদ সিদ্দিকী রোগীকে  বিবস্ত্র করে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে মলমজাতীয় ওষুধ লাগান।

“রোগী বাধা দিলে ডাক্তার বলেন, আমার কাজ তোমার (রোগীর) চিকিৎসা করা, এগুলো আমি করবই। এরপর ২৯ ডিসেম্বর ফের চিকিৎসা নিতে সাক্ষাতে গেলে ডাক্তার জোরপূর্বক একইভাবে তাকে বিবস্ত্র করে এবং তার সঙ্গে যৌন কাজে লিপ্ত হয়। রোগী চিৎকার করলে তার মুখ ওড়না দিয়ে বেঁধে ফেলে। বিষয়টি কাউকে জানালে গোপনে ধারণ করা ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে বলে হুমকি দেন ওই ডাক্তার।”

এরপর ৩০ ডিসেম্বর ওই চিকিৎসক রোগীর বাবাকে ফোন করে জরুরি ভিত্তিতে ঢাকায় আসতে হবে বলে জানান। কারণ জানতে চাইলে তিনি রোগীর বাবা-মাকে বলেন, বঙ্গবন্ধু মেডিকেলের অভিজ্ঞ ডাক্তার দিয়ে বোর্ড বসানো হবে, সেখানে রোগীকে দেখানো হবে। পরদিন রোগীসহ বাবা-মা পিজি হাসপাতালে পৌঁছালে ওই চিকিৎসক মেয়েটিকে হাসপাতালের চতুর্থ তলার একটি নির্জন রুমে নিয়ে যান। সেখানে তাকে ফের ধর্ষণ করে পালিয়ে যান।

এ ঘটনায় মেয়েটির বাবা  বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় এই মামলা দায়ের করেন।

পুরনো খবর:

বিএসএমএমইউয়ে চিকিৎসকের বিরুদ্ধে রোগীকে ধর্ষণের অভিযোগ