২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে পথশিশুদের সুরক্ষায় ‘হ্যাপি হোম’ এগিয়ে নেওয়ার আহ্বান

মেয়ে পথশিশুদের নিরাপত্তা দিতে ‘হ্যাপি হোম’ প্রকল্পকে এগিয়ে নিতে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2018, 03:04 AM

Updated : 11 Oct 2022, 12:22 PM

এই প্রকল্প এগিয়ে নিতে মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের সিক্স সিজন হোটেলে অনুষ্ঠিত হয় ‘শেয়ার টু কেয়ার’ নামে এক অনুষ্ঠান। সেখানে হ্যাপি হোমের তহবিল গঠনে ইচ্ছুক এবং এর উৎসাহদাতারা অংশগ্রহণ করেন।

অ্যাকশনএইডের উদ্যোগে ২০০৬ সালে যাত্রা শুরু করে 'হ্যাপি হোম'।

অ্যাকশনএইডের পক্ষ থেকে অনুষ্ঠানে জানানো হয়, প্রথমে ঢাকার মোহাম্মদপুর, লালবাগ, সূত্রাপুর, মুগদাপাড়া ও কারওয়ানবাজার এলাকার ৩০টি করে মেয়ে পথশিশু নিয়ে পাঁচটি হোমে কাজ শুরু করা হয়।

২০১৭ সালে এসে পাঁচটি হোমকে মোহাম্মদপুরে একটি পাঁচতলা ভবনে নিয়ে আসা হয়। বর্তমানে সেখানে ছয় থেকে ১৮ বছর বয়সী দেড়শ শিশু থাকছে।

শুরুতে তিন বছরের প্রকল্প হাতে নিলেও পরবর্তীতে শিশুদের লেখাপড়া, বোর্ড পরীক্ষায় ভালো ফলাফল ইত্যাদি কারণে প্রকল্পের মেয়াদ বাড়ায় অ্যাকশনএইড।

নিজস্ব অর্থায়ন ছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান এবং কয়েকজন বিত্তশালী ব্যক্তির অর্থ সাহায্যে শিশুদের পরিপূর্ণ বিকাশ, প্রাতিষ্ঠানিক শিক্ষা, সুষম খাবার, কারিগরি প্রশিক্ষণ, পোশাক ও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে হ্যাপি হোম।

২০০৮ সাল থেকে হ্যাপি হোমে থাকা কান্তা বলেন, “আগে রাস্তায় ঘুরতাম, মা-বাবাকে সারা দিন দেখতাম না, বিশুদ্ধ পানি খেতে পেতাম না, টয়লেট ছিল না, লেখাপড়া কী জানতামই না।

“হ্যাপি হোমে আসার পর আমার জীবন আগের মতো নাই। এ বছর আমি এইচএসসি দিয়েছি।"

তহবিল গঠনে যে কেউ এগিয়ে আসতে পারেন এবং যে কেউ এই প্রকল্প সারা দেশে চালনা করতে পারেন জানিয়ে অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির বলেন, “কন্যা পথশিশুদের সবচেয়ে বড় বিপদ হল নিরাপত্তার অভাব।

“স্যানিটেশন সুবিধা, স্বাস্থ্যসেবা ইত্যাদির অনুপস্থিতিও তাদের জীবন উল্টেপাল্টে দিতে পারে। সুবিধাবঞ্চিত এই পথশিশুরাই পরবর্তীতে বেঁচে থাকার জন্য নানা ধরনের ঝুঁকিপূর্ণ যেমন নানা রকম সহিংসতা, যৌন নির্যাতন ও আইনবিরোধী কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়ে।”

ফারাহ কবির বলেন, “নিউজে দেখলাম কুমিল্লায় মানসিক ভারসাম্যহীন এক মেয়ে কী করে যেন খোলা আকাশের নিচে একটা বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে। এগুলো শুনলেই মনে হয় মেয়েগুলোর জন্য সবারই কিছু করা উচিত।”

সামাজিকভাবে সচেতন সব মানুষকে হ্যাপি হোমের সঙ্গে যুক্ত হয়ে এই প্রকল্পের মাধ্যমে কন্যা পথশিশুদের পূনর্বাসনে কাজ করতে অ্যাকশনএইডের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে 'হ্যাপি হোম' তহবিল বৃদ্ধি করার জন্য হোমের শিশুদের আঁকা ছবি, সেলাইয়ের কাজ, জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও নাসির হেসেনের সই করা ব্যাট, কয়েকটি অ্যান্টিক পিস ইত্যাদি নিলাম করা হয়।

এই নিলাম পরিচালনা করেন মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার। নিলামে উপস্থিত অতিথিরা  জিনিসগুলো কিনে নেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হ্যাপি হোমের গুডউইল অ্যাম্বাসেডর প্রীত রেজা, সুমন পাটোয়ারি, অনিক খান, এলিটা করিম ও কাজি নওশাবা আহমেদ।