ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: বাবুল চিশতীর জামিন নাকচ
প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর জামিন আবেদন নাকচ হয়েছে।
মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার কাছে বাবুল চিশতির পক্ষে তার আইনজীবী কাজী নজিবুল্যাহ হীরু জামিন চেয়ে শুনানি করেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুরের আদেশ দেন।
একই বিচারক গত ১৩ মে বাবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন নাকচ করেন । দুজনেই কারাগারে রয়েছেন।
রাজধানীর গুলশান থানায় দায়ের করা ওই মামলার নথিপত্রে দেখা যায়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়মনীতির তোয়াক্কা না করে মাহবুবুল হক চিশতী গুলশান শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ নগদে ও পে-অর্ডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেছেন।
তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রী, ছেলে, মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫টি হিসাবে বেশিরভাগ অর্থ নগদ ও পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।
হিসাবগুলোতে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো অর্থ স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে গ্রহণ করে এবং নিজেদের নামে ক্রয়কৃত ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
