ফারমার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: বাবুল চিশতীর ছেলের জামিন নাকচ
প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যানের ছেলে রাশেদুল হক চিশতীর জামিন আবেদন নাকচ করা হয়েছে।
শুনানি শেষে রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা জামিন নামঞ্জুরের আদেশ দেন বলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান।
গত ১০ এপ্রিল দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে ফারমার্স ব্যাংক লিমিটেডের অডিট কমিটির প্রাক্তন চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে গ্রেপ্তার করে দুদক।
ওই দিনই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। গত ১৮ এপ্রিল রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
এর আগে রাজধানীর গুলশান থানায় প্রায় ১৬০ কোটি টাকা আত্মসাতের ওই অভিযোগে মামলা করে দুদক।
মামলার নথিপত্র সূত্রে জানা যায়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়মনীতির তোয়াক্কা না করে মাহবুবুল হক চিশতী গুলশান শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ নগদে ও পে-অর্ডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেছেন।
তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রী, ছেলে, মেয়েদের ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫টি হিসাবে বেশিরভাগ অর্থ নগদ ও পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেছেন।
হিসাবগুলোতে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো অর্থ স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিং-এর মাধ্যমে গ্রহণ করে এবং নিজেদের নামে ক্রয়কৃত ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে।
