২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও একবছর বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী মোশাররাফ

বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুইঞার চুক্তির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 04:35 PM

Updated : 19 Aug 2022, 02:06 PM

আগামী ১ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে মোশাররাফের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে মঙ্গলবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফের অবসরোত্তর ছুটি বাতিল করে ২০১৫ সালের ২৫ অক্টোবর তাকে মন্ত্রিপরিষদ সচিবের পদমর্যাদায় তিন বছরের চুক্তিতে বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিসিএস ১৯৮১ ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মকর্তা মোশাররাফ ১৯৫৬ সালের ১৫ ডিসেম্বর নরসিংদীতে জন্মগ্রহণ করেন।

এর আগে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব হিসাবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি)-এর বিকল্প গভর্নরের দায়িত্বেও ছিলেন। এছাড়া আইডিবির নির্বাহী পরিচালক পদেও নির্বাচিত হয়েছিলেন মোশাররাফ হোসাইন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) এবং বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন তিনি।

মোশাররাফ মাঠ পর্যায়ে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক, জেলা পরিষদের সচিব এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে কাজ করেছেন।

দুবাইয়ে বাংলাদেশ মিশনে কমার্শিয়াল কাউন্সিলর, বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এবং বগুড়ায় পল্লী উন্নয়ন একাডেমিতে অনুষদ সদস্য ছিলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটি এবং যুক্তরাজ্যের বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে যথাক্রমে পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট ও পাবলিক পলিসি সম্পর্কে উচ্চশিক্ষা নেন।

লোক-প্রশাসন ও উন্নয়ন ব্যবস্থাপনা সম্পর্কে বিভিন্ন জার্নাল ও সংবাদপত্রে তার ২০টির বেশি প্রবন্ধ প্রকাশিত হয়েছে।