ঢাকার দক্ষিণখানে মাদকবিরোধী অভিযানে নিহত ১
চলমান মাদকবিরোধী অভিযানের মধ্যে ঢাকার দক্ষিণখানে কথিত বন্দুকযুদ্ধে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।
ঢকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের অতিরিক্ত উপ কমিশনার নূরুল আলম বলছেন, সোমবার রাত সাড়ে ১২টার দিকে দক্ষিণখানে আশিয়ান সিটির মাঠে গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত সুমন ওরফে খুকু সুমন (৩৫) ওই এলাকার একজন ‘চিহ্নিত মাদক বিক্রেতা’ এবং তার বিরুদ্ধে থানায় মাদক আইনের চারটি মামলা রয়েছে বলে এ পুলিশ কর্মকর্তার দাবি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, মাদকের একটি চালান আসার খবর পেয়ে পুলিশের একটি দল রাতে আশিয়ান সিটির মাঠে অভিযানে যায়।
“পুলিশ সেখানে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের দিকে গুলি করে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ পর গুলি থামলে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়।”
পরে স্থানীয়রা নিহত ওই ব্যক্তিকে ‘খুকু সুমন’ হিসেবে শনাক্ত করেন বলে অতিরিক্ত উপ কমিশনার নূরুল আলমের ভাষ্য।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ককটেল এবং এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।
এ অভিযানে দুইজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য টঙ্গী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর নির্দেশে চলতি মাসে মাদকবিরোধী অভিযান শুরু হওয়ার পর প্রতিদিনই আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনা ঘটছে।
এসব ঘটনায় গত নয় দিনে অন্তত ৯২ জন নিহতের খবর এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে।
