২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপার সেলিমকে দুদকে জিজ্ঞাসাবাদ

ইউরোপা গ্রুপের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের ঋণ কেলেঙ্কারির অভিযোগে এর মালিক সেলিম চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2018, 01:01 AM

Updated : 19 Aug 2022, 02:06 PM

সেলিম চৌধুরী এক সময় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ‘ঢাকা গ্ল্যাডিয়েটর্সের’ মালিক ছিলেন। ইউরোপা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে রোববার তাকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় বলে দুদকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

জিজ্ঞাসাবাদের জন্য সোমবার সেলিম চৌধুরীকে তলব করা হলেও নির্ধারিত সময়ের এক দিন আগে দুদকের প্রধান কার্যালয়ে এসে তদন্ত কর্মকর্তাদের মুখোমুখি হন সেলিম।

দুদকের উপ-পরিচালক মো. সামসুল আলম ও সহকারী পরিচালক মো. গুলশান আনোয়ার অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাউকে তলব করা হলে তিনি অনুসন্ধান কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসাবাদের সময়সূচি আগে বা পরে নিতে পারেন।”

জিজ্ঞাসাবাদের বিষয়ে কথা বলতে সেলিম চৌধুরীকে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

সেলিম চৌধুরীর মালিকানাধীন বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে অগ্রণী ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড এবং রূপালী ব্যাংক লিমিটেডের চারটি শাখা থেকে শত কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ পাওয়ার পর দুদক এই তদন্ত শুরু করে।

অগ্রণী ব্যাংকের পুরানা পল্টন শাখার সাবেক এক ব্যবস্থাপকের সহায়তায় ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জাল কাগজপত্র দেখিয়ে ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট খুলে ওই অর্থ আত্মসাৎ করা হয় বলে অভিযোগ পেয়েছেন দুদক কর্মকর্তারা।

গত বছরের ২৫ জুলাই এ অনুসন্ধান শুরুর পর সেলিম চৌধুরী ছাড়াও ব্যাংক সংশ্লিষ্ট বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

ইতোমধ্যে ইউরোপা গ্রুপের প্রতিষ্ঠান- এম আর গ্লোবাল লিমিটেড, পদ্মা এগ্রো ট্রেডারস লিমিটেড ও ইউরোপা ফুড অ্যান্ড বেভারেজের ওপর পরিচালিত অডিট রিপোর্ট ও লেনদেন সংক্রান্ত বিভিন্ন নথিপত্রও সংগ্রহ করেছেন দুদক কর্মকর্তারা।

অনুসন্ধানের অগ্রগতি জানতে চাইলে দুদক সচিব মো. শামসুল আরেফিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনুসন্ধান শেষ হলে বিস্তারিত বলা হবে।”