ঢাবিতে ইতিহাস বিকৃতি: রেজাউর রহমান চাকরিচ্যুত
দুই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ইতিহাস বিকৃতির ঘটনায় রেজিস্ট্রারের পদ থেকে সরিয়ে দেওয়া সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান।
এছাড়া সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানকে নিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষক মোর্শেদ হাসান খানের লেখা এক নিবন্ধে ইতিহাস বিকৃতির যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সভাপতিত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদসহ সিন্ডিকেট সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন।
২০১৬ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকায় ‘স্মৃতি অম্লান’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের হলগুলোর বর্ণনা দিতে গিয়ে জিয়াউর রহমান হলের ক্ষেত্রে জেনারেল জিয়াকে ‘বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, সাবেক সেনাপ্রধান ও মুক্তিযোদ্ধা’ হিসেবে বর্ণনা করা হয়।
আর বঙ্গবন্ধু হল ও বঙ্গবন্ধু টাওয়ারের ইতিহাস তুলে ধরতে গিয়ে স্মরণিকার অষ্টাদশ পৃষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে লেখা হয়, তিনি “বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক নেতা, যিনি পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব এবং বাংলাদেশের জাতির জনক হিসেবে বিবেচিত।”
সেদিন প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিষয়টি প্রকাশিত হলে প্রতিবাদের মুখে সেখানে সেটি প্রত্যাহারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের তখনকার উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
এরপর ছাত্র বিক্ষোভের এক পর্যায়ে ক্রোড়পত্র প্রকাশের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউর রহমানকে অব্যাহতির ঘোষণা দেন তিনি।
কিন্তু বিক্ষুব্ধ ছাত্রলীগ কর্মীরা উপাচার্যের উপস্থিতিতেই তার গাড়িতে হামলার পর বাসভবন ঘিরে অবস্থান নিয়ে ফটকে তালা লাগিয়ে দেয়। এরপর এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এসে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ওই আন্দোলনের অবসান হয়।
এরপর ২১ জুলাই অধ্যাপক কামাল উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সিন্ডিকেট সভায় উপস্থিত একজন শিক্ষক জানান, ওই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে সব আনুষ্ঠানিকতা শেষে সৈয়দ রেজাউর রহমানকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে সভায়।
পাশাপাশি ওই স্মরণিকার প্রকাশনার কাজে সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিফাত আমিনকে পদাবনতি দেওয়া হয়েছে।
বিএনপি আমলে উপাচার্য পদে নিয়োগ পাওয়া অধ্যাপক এসএমএ ফায়েজের সময়ে ২০০৭ সালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদ পান সৈয়দ রেজাউর রহমান। তার আগে তিনি ছিলেন টিএসসির উপ-পরিচালক।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর উপাচার্য হন অধ্যাপক আরেফিন সিদ্দিক। তিনি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার পদে রেজাউর রহমানকে রেখে দেন।
স্মরণিকায় ইতিহাস বিকৃতির জেরে ওই পদ খোয়ানোর পর এখন তাকে চাকরিও খোয়াতে হল।
এদিকে গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে দৈনিক নয়া দিগন্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দলের যুগ্ম আহবায়ক মোর্শেদ হাসান খানের একটি লেখা প্রকাশিত হয়, যার শিরোনাম ছিল ‘জ্যোতির্ময় জিয়া’।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে তিনি সেখানে লিখেছেন, “..... আওয়ামী নেতাদের বেশিরভাগই তাদের পরিবার-পরিজনসহ ভারত চলে গেলেন, এ দেশবাসীকে মৃত্যুর ফাঁদে ফেলে দিয়ে নেতৃত্বহীন অবস্থায়। যাকে ঘিরে এই দেশের মানুষ মুক্তির স্বপ্ন দেখতো সেই শেখ মুজিবুর রহমানও।
“স্বাধীনতার ডাক এসেছিল মুজিব গ্রেফতার হওয়ার পর, তার আগে নয়। আমার জানামতে তিনি কোন সময় স্বাধীনতার ঘোষণা দেননি।”
এরপর অধ্যাপক মোর্শেদ খানের বহিষ্কার দাবি করে ছাত্রলীগ; নিন্দা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
ওই নিবন্ধে জাতির জনকের অবমাননা ও ইতিহাস বিকৃতির অভিযোগ এনে মোর্শেদ হাসান খানসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের একটি মামলাও দায়ের করেছেন চট্টগ্রামের এক ছাত্রলীগ নেতা।
মোর্শেদ হাসান খানের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে সোমবার সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয় বলে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান জানান।
উপ-উপাচার্য মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে গঠিত পাঁচ সদস্যের এই কমিটির অপর সদস্যরা হলেন- আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মাকসুদ কামাল, সিন্ডিকেট সদস্য অধ্যাপক হাসানুজ্জামান, বাহালুল মজনুন চুন্নু ও অধ্যাপক রহমত উল্লাহ।
উপাচার্য জানান, এই কমিটি ‘দ্রুততম সময়ের মধ্যে’ তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
