ফায়ার সার্ভিসে ২৫টি বিশেষায়িত অ্যাম্বুলেন্স
ফায়ার সার্ভিসে যুক্ত হল ২৫টি বিশেষায়িত অ্যাম্বুলেন্স।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এই বাহিনীর অ্যাম্বুলেন্স সার্ভিস সম্প্রসারণ সেবা উদ্বোধন করেন।
তিনি বলেন, উপকারীভোগী জনগণ যেন এই প্রতিষ্ঠানটির কাছ থেকে সর্বোত্তম সেবা পেতে পারে, সেজন্য এই প্রতিষ্ঠানের ক্ষমতা বৃদ্ধিতে সরকার নানা সিদ্ধান্ত নিয়েছে এবং তা বাস্তবায়ন করা হচ্ছে।
আগে ফায়ার সার্ভিসের ১৬০টি অ্যাম্বুলেন্স ছিল। এখন আরও ২৫টি বিশেষায়িত অ্যাম্বুলেন্স যুক্ত হল।
সাধারণ অ্যাম্বুলেন্সে একজন রোগী বহন করা গেলেও এই অ্যাম্বুলেন্সে দুজন রোগী বহন করা যাবে বলে এক কর্মকর্তা জানান।
তিনি বলেন, এই গাড়িতে অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং এগুলো উঁচু-নিচু ও পাহাড়ি জায়গায় চলাচলে সক্ষম।
এই কর্মকর্তা বলেন, ২০১৭ সালে ফায়ার সার্ভিস ১৪ হাজার ৮৯৬ রোগীকে তাদের অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়েছিল।
সারাদেশে ৩৩৫ ফায়ার স্টেশন রয়েছে।
