খুলনার লবনচরা থানার ওসিকে প্রত্যাহার
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বে অবহেলার অভিযোগে লবনচরা থানার ওসি শরিফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
গত মঙ্গলবারের ওই নির্বাচনে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কয়েকটি কেন্দ্রে আইন শৃঙ্খলাবাহিনীর দায়িত্বে ছিলেন শরিফুল ইসলাম। তার উপস্থিতিতেই লবনচরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। এরমধ্যে দুটি কেন্দ্রের (২৭৭ ও ২৭৮ নম্বর কেন্দ্র) ভোট স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।
নির্বাচন কমিশনার রফিকুল বলেন, “তিনটি কেন্দ্র স্থগিত করতে হয়েছে; এরমধ্যে দুটি লবনচরায়। লবনচরা থানার ওসিকে ভোটের দিনই ক্লোজড করেছে সেখানকার কেএমপির শীর্ষ পুলিশ কর্মকর্তা।
“দায়িত্বে অবহেলার কারণে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হবে। এটা তো আমরা করিনি, পুলিশ বিভাগীয় পর্যায়ে তা করেছে।”
এদিকে খুলনা সিটি নির্বাচনের পরদিন খুলনা জেলা পুলিশ সুপার পদে রদবদল হয়েছে।
বৃহস্পতিবার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, খুলনার পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যাকে ঢাকায় বদলি করা হয়েছে। উত্তরাস্থ প্রথম আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক করা হয়েছে তাকে।
আর কয়েক মাস আগে পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া খুলনার অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিউল্লাহকে খুলনা জেলা পুলিশের এসপি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে ঢাকার ১ম এপিবিএন অধিনায়ক খো. ফরিদুল ইসলামকে ঢাকার নৌ পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণার পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তার বদলি স্থগিত করা হয়। এবার ভোটের পরদিন দুই কর্মকর্তার বদলি-পদোন্নতি হল।
নির্বাচনের দিন অনিয়মের অভিযোগে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। সেগুলোতে ৩০ মে ভোটগ্রহণের কথা রয়েছে।
নির্বাচনী আইন অনুযায়ী, তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়ার পর ১৫ দিন পার না হওয়া পর্যন্ত ইসির সঙ্গে পরামর্শ না করে নির্বাচনী এলাকর ডিসি, এসপি, ইউএনওদের বদলি করা যাবে না।
খুলনায় বদলির বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বদলির এ আদেশ এখনও দেখিনি। ভোট শেষ হলেও তো ১৫ দিন পর্যন্ত ইসির ক্লিয়ারেন্স নেওয়ার বিধান রয়েছে। হয়ত বিষয়টি তারা লক্ষ করেনি। দেখি, খোঁজ নেওয়া হবে।”
এ বিষয়ে খুলনায় নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির বলেন, জেলা পুলিশের কার্যক্রমের এলাকা সিটি করপোরেশন নির্বাচনী এলাকার বাইরে।
