২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের যত্ন কি করি: চুমকি

সন্তান জন্ম দেওয়ার সময় মায়েরা কাঙ্ক্ষিত যত্ন পান না বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2018, 12:12 AM

Updated : 11 Oct 2022, 12:20 PM

বিশ্ব মা দিবস উপলক্ষে রোববার রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা মায়ের কথা বলি। কিন্তু প্রকৃতভাবে কি মায়ের সেই যত্নটা আমরা করি?

“মা যখন সন্তান ধারণ করে কিংবা জন্ম দেয়, তাদের সাথে আমরা সাধারণ আচরণ করি। কিন্তু এ সময় তাদের বিশেষ পুষ্টি ও সেবা দরকার। সেই বিষয়টা আমরা ভাবি না।”

সুস্থ সন্তান পেতে মায়ের সুস্থতার উপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “সেজন্য শিশুকাল থেকে একজন মেয়ের যত্ন নেওয়া জরুরি। কেননা শিশুকাল থেকেই সে তার শরীরকে প্রস্তুত করতে থাকে।”

সন্তানের পরীক্ষার ফলাফলের দিকে নজর না দিয়ে তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মায়েদের প্রতি আহ্বান জানান তিনি।

“সন্তান দুর্নীতিতে জড়িয়ে পড়লে তার মুখ উজ্জ্বল হবে না, দেশের সমাজের ক্ষতি হবে। তাকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”

সন্তানদের উদ্দেশে চুমকি বলেন, “সবাই মায়ের প্রতি শ্রদ্ধাশীল হবেন। মায়ের সুখে, দুঃখে বিপদে আপদে পাশে থাকবেন।”

অনুষ্ঠানে ৫ জন ‘স্বপ্নজয়ী’ মাকে সম্মাননা দেওয়া হয়, যারা কঠিন সংগ্রাম করে তাদের সন্তানদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত করেছেন।

সম্মাননা প্রাপ্তরা হলেন বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মা মোছাম্মত নাজমা রহিম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফিরোজা বেগম, মানিকগঞ্জ সাটুরিয়ার মানিক জান, মানিকগঞ্জের দাসড়ার আরতী রপানী বনিক এবং মৌলভীবাজারের বড়লেখার মীরা দে।

সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে ক্রেস্ট এবং ১০ হাজার টাকার প্রাইজবন্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কাজী রওশন আক্তারও বক্তব্য রাখেন।

‘রত্নগর্ভা মা’ সম্মাননা সুরাইয়াকে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েসের মা সুরাইয়া বেগম ‘রত্নগর্ভা মা’ সম্মাননা পেয়েছেন।

রোববার আজাদ প্রোডাক্টসের আয়োজনে ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে সুরাইয়াসহ ৫০ জন মাকে এই সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসীকে ‘মাই ড‍্যাড ওয়ান্ডারফুল’ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক এবং আজাদ প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।