স্ত্রীকে নিয়ে মুর্তজা বশীরের ছাপচিত্র প্রদর্শনী
স্হধর্মিনী আমিনা বশীর ছিলেন তার পরম বন্ধু, ফুরসত পেলেই তাকে নিয়ে আঁকতে বসতেন শিল্পী মুর্তজা বশীর। রঙতুলির কারিশমায় ছাপচিত্রের নানা মাধ্যমে স্হধর্মিনী আমিনার নানা মুহূর্তকে ধারণ করে রেখেছেন তিনি।
পরম বন্ধু আমিনা মুর্তজা বশীরকে ছেড়ে চলে গেছেন এক বছর আগে, তবুও থেমে নেই স্ত্রীকে নিয়ে ছবি আঁকা। তার আলোকচিত্র থেকেই শিল্পকর্মের সুষমায় ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী মুর্তজা বশীর।
‘হোমেজ টু মাই লেডি’ এ শিরোনামে স্ত্রীকে নিয়ে মুর্তজা বশীরের এমন ১২টি ছাপচিত্রের একটি ফোলিও প্রকাশ করেছে গ্যালারি কায়া।
শুক্রবার বিকালে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে শিল্পসংগ্রাহকদের সামনে ফোলিওটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন শিল্পী মুর্তজা বশীর। এ সময় উপস্থিত ছিলেন গ্যালারি কায়ার পরিচালক গৌতম চক্রবর্তী।
মুর্তজা বশীর বলেন, “প্রতিটি মানুষের কাছেই কোনো না কোনো মানুষ প্রেরণার উৎস থাকে। আমার প্রেরণার উৎসে ছিলেন আমার স্ত্রী। তিনি খুব সাধারণ মানুষ ছিলেন। তার স্বামী একজন স্বনামধন্য শিল্পী। এর মুখোমুখি হতে তিনি একটু লজ্জা পেতেন। কারণ কোনো অনুষ্ঠানে গেলে শিল্পরসিকরা তাকে মুর্তজা বশীরের স্ত্রী বলে ঘিরে ধরত। তিনি খুব লজ্জা পেতেন। কিন্তু আমার জীবনে এই সাধারণ লাজুক মানুষটির প্রভাব বিশাল।”
গ্যালারি কায়ার পরিচালক শিল্পী গৌতম চক্রবর্তী জানান, ফোলিওতে স্থান পাওয়া প্রতিটি ছাপচিত্রে শিল্পীর স্বাক্ষর রয়েছে। ফোলিওর মাত্র ৩০টি সংস্করণ করা হয়েছে। পরে এর কোনো সংস্করণ প্রকাশিত হবে না।
