২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিডিয়া কাপ ফুটবলের ফাইনালে বিডিনিউজ টোয়েন্টিফোর

আর টিভিকে হারিয়ে ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2018, 11:55 AM

Updated : 11 Oct 2022, 12:20 PM

শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বৃহস্পতিবার বেসরকারি টেলিভিশনটিকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশের প্রথম এই অনলাইন সংবাদপত্র।

প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করেন মাইদুল ইসলাম। এর কয়েক মিনিট পর আরেকটি গোল করেন কামাল হোসেন তালুকদার।

মাঠজুড়ে খেলার পাশাপাশি একটি গোল করায় ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন কামাল তালুকদার, সঙ্গে মিলেছে প্রাইজ মানি।

সেমি-ফাইনালে ম্যাচ সেরা খেলোয়াড়ের জন্য পাঁচ হাজার টাকা প্রাইজ মানি স্পন্সর করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটির চেয়ারম্যান ও জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় মো. ইকবাল হোসেন।

এর আগে গ্রুপ পর্বে দৈনিক নয়া দিগন্তকে ৪-০ গোলে এবং চ্যানেল আই-এর সঙ্গে ১-১ গোলে ড্র করে কোয়ার্টার ফাইনালে ওঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

কোয়ার্টার ফাইনালে এসএ টিভিকে টাইব্রেকারে ২-০ গোলে হারিয়ে সেমি-ফাইনালে পৌঁছে যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

বৃহস্পতিবার সেমি-ফাইনালের দ্বিতীয় ম্যাচে ঢাকা ট্রিবিউন ও চ্যানেল টোয়েন্টিফোরের মধ্যে জয়ী দলের সঙ্গে আগামী শনিবার সকাল ১০টায় ফাইনাল খেলবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

আটটি গ্রুপে ২৪টি গণমাধ্যম প্রতিষ্ঠান ওয়ালটন-বিএসজেসি মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কামাল হোসেন তালুকদার (অধিনায়ক), ইকবাল শাহরিয়ার, শহীদুল ইসলাম, আকিব জাভেদ, মাইদুল ইসলাম, কাজী মোবারক হোসেন, শাহ ফাহিম ও তারেক হাসান নির্ঝর।

নাগরিক টিভির প্রতিবেদক আবদুল্লাহ্ শাফী অতিথি খেলোয়াড় হিসেবে টিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে খেলছেন।