অভিনেতা আসিফের জামিনের মেয়াদ ২০ মে পর্যন্ত বাড়ল
স্ত্রীর করা নির্যাতনের মামলায় আগামী ২০ মে পর্যন্ত মডেল-অভিনেতা কাজী আসিফ রহমানের জামিনের মেয়াদ বাড়িয়েছে ঢাকার একটি নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল।
সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক শহীদুল ইসলাম তার জামিনের সময় বাড়িয়ে দেন।
অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার আসিফ ট্রাইব্যুনালে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসিফ। তার স্ত্রী শামীমা আক্তার অর্নিও আদালতে এসেছিলেন।
শুনানিতে আসিফের আইনজীবী বলেন, “আসামি জামিনের শর্ত ভঙ্গ করেননি। আর আপস-মীমাংসার কথাবার্তা চলছে। এ অবস্থায় তার জামিন স্থায়ী করা হোক।”
বাদীপক্ষের আইনজীবী সাইফুল ইসলামসহ কয়েকজন আইনজীবী জামিনের বিরোধিতা করেন।
শুনানি শেষে বিচারক ২০ মে পর্যন্ত আসিফের জামিন মঞ্জুর করে ওই সময়ের মধ্যে আসিফকে স্ত্রীর সঙ্গে সমঝোতা করার পরামর্শ দেন।
২৫ এপ্রিল স্ত্রীর সঙ্গে আপসের শর্তে আসিফকে ৬ মে পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সফিউল আজম।
গত ২২ এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আসিফকে গ্রেপ্তার করে হাজারীবাগ থানা পুলিশ। ওই সময় তিনি শুটিং শেষে মালয়েশিয়া থেকে ফিরছিলেন।
এর আগে ৬ মার্চ ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন শামীমা।
মামলায় অভিযোগ করা হয়, ২০১৫ সালের ৭ অগাস্ট কানাডা প্রবাসী শামীমা আক্তার অর্নির সঙ্গে কাজী আসিফের বিয়ে হয়। বিয়ের সময় বাদীর পরিবার ৭/৮ লাখ টাকার আসবাবপত্র দেয়। পরে বাদী আসামিকে গাড়ি কেনার জন্য ১৮ লাখ টাকা দেন। আসামি গাড়ি না কিনে ওই টাকা দিয়ে কী করেছে তা জানতে চাইলে ২ এপ্রিল আসামি আরও ২০ লাখ টাকা যৌতুক দাবি ও মারধর করেন।
মামলা দায়েরের পর ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম বিচার বিভাগীয় তদন্ত শেষে গত ২৭ মার্চ ট্রাইব্যুনালে কাজী আসিফের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গত ২ এপ্রিল ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ওই পরোয়ানা পেয়েই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আসিফ-অর্নি দম্পতির ৮ মাস বয়সি মেয়ে রয়েছে। অর্নি কানাডায় নার্স হিসেবে কাজ করেন। আসিফের গ্রামের বাড়ি যশোরে, অর্নির বরিশালে। মোবাইল কোম্পানি সিটি সেলের বিজ্ঞাপনের মাধ্যমে বেশ আলোচনায় আসেন মডেল কাজী আসিফ। এরপর একাধিক বিজ্ঞাপন ও নাটকে অভিনয় করেন তিনি।
