ঢাকায় উচ্ছেদ অভিযানে হকারের মৃত্যুর অভিযোগ
রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলাকালে বুলডোজারের আঘাতে এক হকারের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ।
শনিবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেইটে শাহ জামাল হোসেন নামের ওই হকার নিহত হন বলে দাবি করেছে তারা।
হকার সংগ্রাম পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দুপুর ১টার দিকে উচ্ছেদ অভিযানে এসে সিটি করপোরেশনের কর্মীরা মালামাল লুটপাট ও বুলডোজার দিয়ে মালামাল নষ্ট করতে থাকে। বায়তুল মোকাররমের উত্তর গেইটের হকার জামাল হোসেন তার মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মীরা তাকে বুলডোজার দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
এ ঘটনার নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল হোসেন, সদস্য সচিব সেকেন্দার হায়াত ও বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবীর।
হকারদের সংগঠন দুটি এই অভিযোগ করলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা বলছেন, শনিবার ওই এলাকায় তাদের উচ্ছেদ অভিযানই হয়নি, তাই বুলডোজার যাওয়ার প্রশ্নই আসে না।
তবে হকার সংগ্রাম পরিষদের আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার থাকায় কালকে হকাররা ওই এলাকায় বসেছিল। কিন্তু সিটি করপোরেশনের কোনো ঘোষণা ছাড়া সেখানে উচ্ছেদ করতে আসে। তাদের বুলডোজারের আঘাতে জামাল হোসেন মারা যায়।”
রোববার দুপুরে জামালের মরদেহ তার গ্রামের বাড়ি জামালপুরে নিয়ে যাওয়া হয়েছে বলে বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবুল হাশেম কবীর জানিয়েছেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে জামালের ছেলে ইব্রাহিমের মোবাইলে ফোন করলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ বিষয়ে পরে কথা বলবেন।
“আমরা এখন গাড়িতে করে যাচ্ছি। এ বিষয়ে পরে কথা বলব।”
হকারদের অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে দক্ষিণ সিটি করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা শামসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সিটি করপোরেশনের কোনো উচ্ছেদ অভিযান ছিল না। তাদের একটি দল সেখানে মাইকিং করতে গিয়েছিল।
“আমাদের উচ্ছেদ অভিযানই হয়নি। সেখানে বুলডোজার যাবে কেন? আজ (রোববার) সেখানে উচ্ছেদ অভিযান চালানোর কথা ছিল। সেখানে মেয়র মহোদয়ও থাকার কথা ছিল। সে কারণে গতকাল সেখানে মাইকিং করা হয়েছিল যেন ফুটপাত খালি করে দেয়। তো সে সময় একজন লোক অসুস্থ হয়ে পড়েছে বলে শুনেছি।”
বায়তুল মোকাররম এলাকায় দক্ষিণ সিটি করপোরেশনের একটি পরিচ্ছন্নতা অভিযান হওয়ার কথা ছিল রোববার। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সেখানে উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছিল। তবে শনিবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় সংবাদমাধ্যমকে ওই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছিলেন।
