২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৯৯৯ এ ফোন করে উদ্ধার পেলেন কমোডে আটকে যাওয়া নারী

জরুরি সেবার জাতীয় হেল্প ডেস্ক ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সাহায্য নিয়ে উদ্ধার পেলেন ঢাকার উত্তরার একটি বাড়ির বাথরুমের হাই কমোডে আটকে পড়া এক নারী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2018, 10:44 AM

Updated : 19 Aug 2022, 02:00 PM

শুক্রবার রাত সোয়া ১২টার দিকে ওই নারীকে উদ্ধার করা হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

৫৫ বছর বয়সী ওই নারী অতিরিক্ত ওজন জনিত সমস্যায় ভুগছিলেন। আটকে পড়ার পর তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর ৯৯৯ নম্বরে ফোন করে ফায়ার সার্ভিসের সহযোগিতা চায় পরিবার।

ওই নারীর স্বামী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার স্ত্রী রাতে বাথরুমে গিয়ে কমোডের এক পাশ ও দেওয়ালের মধ্যে পড়ে আটকে যান। দীর্ঘক্ষণ আমি, আমাদের ছেলে ও পরিবারের সবাই মিলে তাকে সেখান থেকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু বাথরুমের একটি 'অড' জায়গাতে আটকে যাওয়ায় চেষ্টা ব্যর্থ হয়।

“এরপর ৯৯৯ নম্বরে ফোন দিলে তারা ফায়ার সার্ভিসের সঙ্গে সংযোগ করে দেন। এর কিছুক্ষণ পরই উদ্ধারকারী দল এসে আমার স্ত্রীকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।”

উত্তরা ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, “ওই নারী এমনভাবে বাথরুমের সরু জায়গায় আটকে গিয়েছিলেন যে তাকে উদ্ধার করা সহজ ছিল না। আমরা তাকে উদ্ধার করি।”

জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সেবা পেতে যে কোনো ফোন (মোবাইল বা ফিক্সড লাইন ফোন ) থেকে ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ, দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স পাওয়া যায়। এই কল করতে কোনো অর্থ খরচ হয় না।

এক বছর পরীক্ষামূলক কার্যক্রমের পর গত বছর থেকে এই সেবা পুরোদমে চালু হয়।

পুরনো খবর:

৯৯৯ এ ফোনের পর ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পুরোদমে চালু হল জরুরি সেবা ৯৯৯