২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবারও ঝড়-বৃষ্টির আভাস

কালবৈশাখীর ভরা মওসুমে বজ্রঝড়-বৃষ্টি অব্যাহত রয়েছে, যা বৃহস্পতিবারও হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 11:18 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

বুধবারও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অধিকাংশ এলাকায় ৪৫-৫০ কিলোমিটারের বেশি বেগে ঝড় বয়ে গেছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, নওগাঁ ও রাজশাহীতে বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও পাঁচজন।

ঝড়ো আবহাওয়ার কারণে সারা দেশে নৌ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ।

আবহাওয়া অধিদপ্তর বলছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসের বিষয়ে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার সতর্কবাণীর বিষয়ে আবহাওয়াবিদ মো. আবদুর রহমান খান জানান, বুধবার দুপুর ১টা থেকে পরবর্তী ১৮ ঘণ্টার মধ্যে রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলসমূহের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বা আরও বেশি বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।

নদী বন্দরে ২ নম্বর সংকেত

বুধবার রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মঙ্গলবার বলেন, দেশের বিভিন্ন জায়গায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। এরমধ্যে ময়মনসিংহ, নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে ৪ থেকে ৭ মে পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে।

পুরনো খবর:

বজ্রপাতে প্রাণ গেল আরও ১০ জনের
বজ্রপাতে দুই মাসে ৭০ জনের মৃত্যু
হাওরাঞ্চলে বন্যার শঙ্কা