২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরাঞ্চলে বন্যার শঙ্কা

চলতি মে মাসের প্রথম সপ্তাহেই হাওরাঞ্চলে বন্যা হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 11:50 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

মঙ্গলবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ এই সতর্ক বার্তা দেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীও উপস্থিত ছিলেন।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, দেশের বিভিন্ন জায়গায় মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বৃষ্টিপাতের আভাস রয়েছে। এরমধ্যে ময়মনসিংহ, নেত্রকোণা, সিলেট, সুনামগঞ্জসহ হাওরাঞ্চলে ৪ থেকে ৭ মে পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে।

“আমাদের আশঙ্কা হল, ভারি বর্ষণে হাওরাঞ্চলে আকস্মিক বন্যা হতে পারে। গেল বছর এপ্রিল মাসে আগাম বন্যায় হাওরে ফসলের বড় ধরনের ক্ষতি হয়। সেজন্য এবার আমরা বিষয়টি অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। দেশের জনসাধারণ ও সব সংস্থার জন্য পূর্বাভাসটি জানিয়ে রাখলাম।”

বন্যা-পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের পূর্বাঞ্চলের প্রদেশগুলোয় আবহাওয়ার অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে।

আগামী ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চলের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোণা, শেরপুর, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে।

ভারতের উত্তর পূর্বাঞ্চলের প্রদেশ মেঘালয় ও আসামের বিভিন্ন স্থানেও ভারি বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজমান রয়েছে।

বুধবারের পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া এবং বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ ও শিলাবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান ভারি বর্ষণের সতর্কতার বিষয়ে জানান, প্রবল বজ্রমেঘের ঘনঘটা বাড়ার কারণে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা/ঝড়ো হাওয়াসহ ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (>৮৯মিলিমিটার) বৃষ্টি হতে পারে।