২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক পররাষ্ট্র সচিব তোবারক হোসেনের মৃত্যু

বাংলাদেশ সরকারের সাবেক পররাষ্ট্র সচিব তোবারক হোসেন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2018, 07:40 PM

Updated : 08 Apr 2022, 06:19 PM

গত রোববার ওয়াশিংটন ডিসির রকভিলে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।     

কূটনীতিক হিসেবে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর তোবারক হোসেন সাধারণ বীমা করপোরেশন ও গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তার বয়স হয়েছিল ৯৪ বছর।  

ইউনূস সেন্টারের মুখপাত্র লামিয়া মোরশেদ জানান, ২০১০ সালের ডিসেম্বরে গ্রামীণ ব্যাংকের দায়িত্ব ছাড়ার পর থেকে যুক্তরাষ্ট্রে ছেলের সঙ্গে বসবাস করে আসছিলেন তোবারক হোসেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। 

তোবারক হোসেনের ছেলে রিয়াজ হোসেনের বরাত দিয়ে একজন প্রবাসী বাংলাদেশি জানিয়েছেন, বুধবার ওয়াশিংটন ডিসির নিউ হ্যাম্পশায়ার এভিনিউয়ের মুসলিম কমিউনিটি সেন্টারে জানাজার পর রকভিলের পার্কলন মেমোরিয়াল গার্ডেনে সাবেক এই কূটনীতিকের দাফন হবে।

মুন্সীগঞ্জের ছেলে তোবারক হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স করার পর লন্ডন স্কুল অব ইকনোমিক্সে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়েন। ১৯৪৯ সালে পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ১৯৬৮ সালে তিনি রাষ্ট্রদূতের মর্যাদায় মহাপরিচালক পদে উন্নীত হন।   

পাকিস্তানের ফরেন সার্ভিসে থাকা বেশ কয়েকজন বাঙালি কর্মকর্তা একাত্তরে পক্ষ ত্যাগ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পাকিস্তান সরকারের সিতারা-ই-খিদমত পদক পাওয়া তোবারক হোসেনের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে।

সাংবাদিক সৈয়দ বদরুল আহসান ২০১২ সালে প্রকাশিত তার এক নিবন্ধে লিখেছিলেন, চীন যাতে পাকিস্তানের প্রতি সমর্থক অব্যাহত রাখে তা নিশ্চিত করতে ১৯৭১ সালের নভেম্বরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলকে চীনে পাঠিয়েছিলেন ইয়াহিয়া খান। বাংলাদেশ তখন স্বাধীনতার দ্বারপ্রান্তে। জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে ওই প্রতিনিধি দলে বাঙালি কূটনীতিক তোবারক হোসেনও ছিলেন।

বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর ক্ষমতার পট পরিবর্তনের মধ্যে ১৯৭৫ সালের ১৫ নভেম্বর পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান তোবারক হোসেন। ওই দায়িত্বে তিনি ছিলেন ১৯৭৮ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

তোবারক হোসেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বে থাকা অবস্থায় দেশে আবার ক্ষমতার পট পরিবর্তন ঘটলে ১৯৮২ সালে তিনি সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন।

নব্বইয়ের দশকে খালেদা জিয়ার সরকারের শেষ ভাগে ১৯৯৫-৯৬ সময়ে সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তোবারক হোসেন। ২০০২ সালে তিনি যোগ দেন গ্রামীণ ব্যাংকে।

গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদ থেকে ২০১০ সালে তিনি অবসরে যান।    

তার মৃত্যুতে শোক প্রকাশ করে গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি মুহাম্মদ ইউনূস এক বার্তায় বলেন, এই ব্যাংককে সাফল্যের পথে নিয়ে যেতে তোবারক হোসেনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।