লাইসেন্সবিহীন গাড়ি চালনায় ১০ জনকে সাজা
রাজধানীর একাধিক এলাকায় লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে সাজা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরএটি) ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুর, কল্যাণপুর ও মানিক মিয়া এভিনিউ এলাকায় ট্রফিক আইন অমান্যকারী গাড়ি চালকদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ যৌথভাবে অভিযান পরিচালনা করে বলে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক- পশ্চিম) আবু তোরাব মো. শামসুর রহমান জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে ১০ চালককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বিআরএটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাযহারুল ইসলাম। ১০ জনের মধ্যে পাঁচজনই লেগুনা চালক।
“বেপরোয়া গাড়ি চালানো, ফিটনেসবিহীন, রুট পারর্মিটবিহীন গাড়ি চালানো অপরাধে মোট ৫৩ হাজার টাকা জরিমানা ও ২৪টি মামলার পাশাপাশি তিনটি গাড়িকে ডাম্পিং করা হয়েছে।”
অর্থ দণ্ড পাওয়াদের মধ্যে বাস, লেগুনা ও অটোরিকশা চালকও রয়েছে বলে জানান তিনি।
পর্যায়ক্রমে ডিএমপি’র অন্যান্য ট্রাফিক বিভাগে এই যৌথ অভিযান অব্যাহত থাকবে বলে ডিএমপি থেকে জানানো হয়।
