২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:54 AM

Updated : 19 Aug 2022, 01:59 PM

মঙ্গলবার ভোর ৪টার দিকে রামপুরা অংশে হাতিরঝিলের ৪ নম্বর সেতু সংলগ্ন পুলিশ বক্সের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বাড্ডা থানার এসআই অনয় চন্দ্র পাল জানান। 

নিহত দুই বন্ধু হলেন হেদায়েতউল্লা (২৬) ও হাবিবুল্লা (২৫)। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হেদায়েত ঢাকায় মরিয়ম গ্রুপের একটি কারখানায় চাকরি করতেন। আর তার বন্ধু হাবিবুল্লা থাকতেন গাজীপুরের কাপাসিয়ায়।

নিহতদের পরিবারের বরাত দিয়ে এসআই অনয় জানান, হাবিবুল্লা একটি চাকরির ইন্টারভিউ দিতে সোমবার ঢাকায় এসে সাত রাস্তা এলাকায় হেদায়েতের বাসায় ওঠেন। ভোরে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে তারা দুর্ঘটনায় পড়েন।

“মোটরসাইকেলের গতি ছিল খুব বেশি। নিয়ন্ত্রণ রাখতে না পারায় তাদের মোটরসাইকেল রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে একপাশে ছিটকে পড়ে। আর দুই বন্ধু ছিটকে রাস্তার পাশের একটি গাছের ওপর আছড়ে পড়ে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।”

পরে পুলিশ খবর পেয়ে দুজনের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বলে জানান এসআই অনয়।