২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর-খুলনায় শ্রমিক অধ্যুষিত এলাকা নিয়ে বিশেষ সতর্কতা

সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের শিল্প-কারখানার শ্রমিক অধ্যুষিত এলাকা নিয়ে বিশেষ সতর্ক অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।

মঈনুল হক চৌধুরী

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2018, 02:13 AM

Updated : 08 Apr 2022, 06:18 PM

ওই সব এলাকায় যেন কোনো ধরনের অসন্তোষ তৈরি না হয়, কেউ যেন ফায়দা নেওয়ার জন্য গোলযোগ তৈরি করতে না পারে সেদিকে নজর রাখার নির্দেশনা এসেছে নির্বান নিয়ে কমিশনের আইন শৃঙ্খলা বৈঠকে।

পাশাপাশি দুই সিটিতে ভোটের আগের রাতে ব্যালটে সিল মারা বা ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। দায়িত্বে অবহেলা, কোনো কর্মকর্তার অনিয়ম বা পক্ষপাতিত্বের সম্পৃক্ততা পেলে তাৎক্ষণিক বরখাস্তের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

ভোটের আগে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত বৃহস্পতিবারের আইন শৃঙ্খলা বৈঠক শেষে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

মাঠ প্রশাসনের কর্মকর্তারা বলছেন, গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন এলাকায় অনেক শিল্প কারখানায় বিপুল সংখ্যক শ্রমিক রয়েছে। মে দিবসে এ দুই সিটিতে শ্রমিকদের বিশাল সমাবেশ হবে। অধিকার আদায়ের নামে ওই সমাবেশ থেকে যাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ওই বৈঠক নিয়ে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ১৫ মে ভোটের দিন সাধারণ ছুটি থাকবে। শ্রমিক অধ্যুষিত এলাকায় যাতে ঝামেলা না হয় সে বিষয়টি মাথায় রেখে যেন শ্রমিকদেরও ছুটি দেওয়া হয় সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করবেন তারা।

বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক ইসির একাধিক কর্মকর্তা জানান , দুই সিটি নির্বাচন সামনে রেখে সোশাল মিডিয়া নিয়ন্ত্রণ, শ্রমিক অসন্তোষ রোধ, সন্ত্রাসী গ্রেপ্তার, যানজট ঘিরে যেন গোলযোগ সৃষ্টি না হয়, ভাসমান ভোটারদের মধ্যে গুজব-অপপ্রচার-আতঙ্ক যেন না ছড়ায়, বস্তিতে বিশেষ অভিযান এবং ভিআইপি রিসোর্টে বহিরাগতদের অবস্থানে নজরদারির বিষয়ে নির্দেশনা দিয়েছে কমিশন।

শ্রমিক অসন্তোষের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে বিশেষ নজর রাখতে ও ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

নির্বাচন সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা অনিয়মের সঙ্গে জড়িত হলে বা কেউ নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের নির্দেশ না মানলে তাকে তাৎক্ষণিক বরখাস্ত, বাধ্যতামূলক অবসর, পদাবনতি, বেতন-পদোন্নতি দুই বছরের জন্য স্থগিত করাসহ শাস্তির মুখোমুখি হওয়ার বিষয়টি তুলে ধরেন একজন নির্বাচন কমিশনার।

বৈঠকের শুরুতে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, “সংসদ নির্বাচন অতি সন্নিকটে। এর আগে ঢাকার পাশে সব থেকে বড় গাজীপুর ও খুলনায়ও নির্বাচন হবে। তাই নির্বাচন দুটোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।”

আইন শৃঙ্খলা বৈঠকে সিইসির সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, বিভাগীয়-জেলা পর্যায়ের পুলিশ ও প্রশাসনের কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চার দিন মাঠে আইন শৃঙ্খলাবাহিনী

সভার কার্যপত্রে বলা হয়, ১৫ মে ভোটের আগে-পরে চার দিন আইন শৃঙ্খলাবাহিনী মাঠে নিয়োজিত থাকবে। সেক্ষেত্রে ভোটের আগে দুই দিন, ভোটের দিন ও পরের দিন মিলিয়ে ১৩ থেকে ১৬ মে পর্যন্ত পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি, ব্যাটালিয়ন আনসারসহ নিয়মিত বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলায় নিয়োজিত থাকবেন।

ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে মালামাল পৌঁছনো ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা থাকবেন সেখানে।

তফসিল ঘোষণার পর থেকে তিন ধাপে নির্বাহী হাকিম দায়িত্ব পালন করবেন। ভোটের আগে-পরে চার দিন বিচারিক হাকিম থাকবেন মাঠে।

ভোটের দিন সব মিলিয়ে নির্বাহী হাকিম থাকবেন গাজীপুরে ৮৬ জন, খুলনায় ৪৯ জন। বিচারিক হাকিম থাকবেন গাজীপুরে ১৯ জন ও খুলনায় ১০ জন।

প্রতি কেন্দ্রে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিবেচনায় ২২ থেকে ২৪ জন আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন।

পুলিশ-এপিবিএন-আনসার ব্যাটালিয়ান নিয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স গাজীপুরে ১৯ টি ও খুলনায় ১০টি টিম; র‌্যাবের ৫৭টি টিম গাজীপুরে ও খুলনায় ৩১টি টিম; বিজিবি থাকবে গাজীপুরে ২৯ প্লাটুন ও খুলনায় ১৬ প্লাটুন।

রিজার্ভ ফোর্স হিসেবে ৩-৪ প্লাটুন অতিরিক্ত সংখ্যক বিজিবি মোতায়েন রাখা হবে।

বহিরাগত নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশন বলছে, ১২ মে রাত ১২টার মধ্যে বহিরাগতদের এলাকা ছাড়তে হবে। সংশ্লিষ্ট সিটির ভোটার নন এমন ব্যক্তিদের ওপর নির্ধারিত সময়ের পরে নিষেধাজ্ঞা থাকবে।

আওয়ামী লীগ, বিএনপিসহ কয়েকটি দলের প্রার্থী অংশ নিচ্ছেন দলীয় প্রতীকের এ নির্বাচনে।

১৫ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

পুরনো খবর:

সিটি নির্বাচন: খুলনায় জনতার মুখোমুখি ৫ মেয়র প্রার্থী
গাজীপুর ও খুলনায় সেনা যাবে না, সাফ জানালো ইসি