উত্তরার বাসা থেকে সাড়ে ১৩ কেজি সোনার বারসহ গ্রেপ্তার দুই
রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে ১৩ কেজি ওজনের শতাধিক সোনার বার উদ্ধার এবং দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার বিকালে উত্তরার ৬ নম্বর সেক্টরের ১১ নম্বর সড়কের ১২ নম্বর ভবনের একটি ফ্ল্যাটে এই অভিযান চালানো হয় বলে র্যাবের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক রেজা জানিয়েছেন।
গ্রেপ্তাররা হলেন- মাহবুব হোসেন (৪২) ও জাকির। এদের মধ্যে মাহবুব ওই ফ্ল্যাটের মালিক।
ইশতিয়াক রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিঙ্গাপুর থেকে সাড়ে ১৩ কেজি ওজনের ১৩৫টি স্বর্ণের বার দুপুরে ঢাকায় আনা হয়।
জাকির সিঙ্গাপুর থেকে এসব সোনার বার নিয়ে আসে জানিয়ে এই র্যাব কর্মকর্তা বলেন, “মাহবুব এবার প্রথম গ্রেপ্তার হলেও সে দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত। জাকির বলেছে, সে প্রায় দুই বছর ধরে মাহবুবের স্বর্ণের চালান আনা নেওয়া করে।
“এসব স্বর্ণ স্থানীয় বাজারে বিক্রি করে থাকে বা কারো চাহিদা থাকলে তা এনে দেয় বলে মাহবুব জানিয়েছে।”
