থানায় নিয়ে টাকা আদায়ের অভিযোগ পাহাড়তলীর ওসির বিরুদ্ধে
এক ব্যক্তিকে জোর করে থানায় ধরে নিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রামের পাহাড়তলী থানার ওসিসহ কয়েকজন পুলিশ সদস্যের বিরুদ্ধে।
শুক্রবার ঢাকায় সংবাদ সম্মেলন করে শেখ জসীম আহমেদ নামের ওই ব্যক্তি ও তার স্ত্রী এই অভিযোগ তুলে ধরেন।
তবে পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেছেন।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে জসীমের স্ত্রী সানজিদা ইয়াছমিন লিখিত বক্তব্য পড়ে শোনান।
তিনি জানান, তার স্বামী চট্টগ্রামের হালিশহরে পারিবারিক আটা-ময়দার মিল দেখাশোনা করেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছেন।
ইয়াছমিন অভিযোগ করেন, গত ২ মার্চ সকালে পাহাড়তলী থানার মৌসুমী আবাসিক এলাকা থেকে জসীমকে ধরে নিয়ে যায় সাধারণ পোশাকে থাকা পুলিশ।
“পরে থানার এসআই শাহাদাত, সুনয়ন বড়ুয়া আর ওসি রফিকুল ইসলামের নির্দেশে তার কাছ থেকে ১ লাখ ৪২ হাজার টাকা আদায় করা হয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে।”
সানজিদা সংবাদ সম্মেলনে দাবি করেন, তিনি ঢাকার উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক।
তিনি বলেন, “আমি আওয়ামী লীগ করি এই পরিচয় দেওয়ার পর এসআই শাহাদাত আর ওসি আরও বেশি খারাপ ব্যবহার করে।”
তার অভিযোগ, পুলিশ বিনা কারণে তার স্বামীকে জোর করে থানায় নিয়ে যায় এবং টাকা নিয়ে তারপর ছেড়ে দেয়।
ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে পাহাড়তলী থানার ওসি রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জসিমকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত সন্দেহে ধরে আনা হয়েছিল। পরে ওই বিষয়ে তার সংশ্লিষ্টতা না পাওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।”
টাকা নেওয়া বা খারাপ ব্যবহারের কথার অভিযোগ অস্বীকার করেন ওসি রফিকুল।
